গাজার স্কুলে ইসরাইলি গণহত্যা
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানালো হামাস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি স্কুলে আশ্রয় নেয়া উদ্বাস্তু জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইল বিমান হামলার মাধ্যমে যে গণহত্যা চালিয়েছে তা নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে হামাস।
গতকাল (শনিবার) আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের উপ-প্রধান খালিল আল-হাইয়া বলেন, নিরাপত্তাহীন ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা বন্ধ করার জন্য জরুরিভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকতে হবে। ইসরাইলি এই হামলার কঠোর নিন্দা করেন খলিল আল-হাইয়া।
গতকাল ফজরের নামাজের সময় ইহুদিবাদী ইসরাইল গাজা শহরের আল-দারাজ এলাকার আল-তাবিঈন স্কুলে আশ্রয় নেয়া উদ্বাস্তু লোকজনের ওপর বিমান হামলা চালায় বর্বর দখলদার বাহিনী। এতে একশ’র বেশি ফিলিস্তিনি নারী পুরুষ ও শিশু শহীদ হয়েছেন। হামলায় আহত হন আরো বহু মানুষ।
এ প্রসঙ্গে খলিল আল-হাইয়া বলেন, এই হামলার মধ্যদিয়ে একেবারেই পরিষ্কার হয়েছে যে, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাবে। এ ধরনের হত্যাকাণ্ডের বিষয়ে মার্কিন সরকারের সবুজ সংকেত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
খলিল আল-হাইয়া আরো বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ইহুদিবাদী ইসরাইল বেসামরিক জনগণের ওপর তাদের ক্ষোভ মেটাচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।