কাসসাম ব্রিগেডের সামরিক প্রধানের হত্যার দাবি নাকচ করলো হামাস 
https://parstoday.ir/bn/news/event-i140642-কাসসাম_ব্রিগেডের_সামরিক_প্রধানের_হত্যার_দাবি_নাকচ_করলো_হামাস
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফকে হত্যা করা হয়েছে বলে ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি যে দাবি করেছে তাকে সরাসরি নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনটি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০২৪ ১৫:৩২ Asia/Dhaka
  • কাসসাম ব্রিগেডের সামরিক প্রধানের হত্যার দাবি নাকচ করলো হামাস 

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফকে হত্যা করা হয়েছে বলে ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি যে দাবি করেছে তাকে সরাসরি নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনটি।

লেবাননে হামাসের প্রতিনিধি ও পলিট ব্যুরোর সদস্য ওসামা হামদান আজ (বৃহস্পতিবার) বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস বা এপি-কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি বলেন, ইসরাইলের কর্মকর্তা ও গণমাধ্যমগুলো মোহাম্মদ দেইফকে হত্যা করার বিষয়ে যে দাবি করেছে তা মিথ্যা বরং সামরিক শাখার প্রধান কমান্ডার সুস্থ আছেন। 

এই প্রথম হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরাইলি দাবির বিষয়ে কথা বললেন। গত ১ আগস্ট ইসরাইল দাবি করেছিল যে, গত মাসে বিমান হামলায় শীর্ষ ফিলিস্তিনি কমান্ডার শহীদ হয়েছেন। 

ওসামা হামদান এপিকে বলেন, হামাস বিশ্বাস করে ইসরাইল সেই দিন সংঘটিত গণহত্যার ন্যায্যতা দেয়ার জন্য জুলাইয়ের ওই হামলা দেইফকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছে বলে দাবি করছে। ওই হামলায় ৮৮ জন ফিলিস্তিনি শহীদ হন। 

১৯৯০-এর দশকে আল-কাসাম ব্রিগেডের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম হলেন মোহাম্মদ দেইফ এবং ২০ বছরেরও বেশি সময় ধরে এই বাহিনীর সামরিক শাখার নেতৃত্ব দিচ্ছেন তিনি।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৫