এবার পশ্চিম তীরে ড্রোন হামলা চালিয়ে ৭ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/event-i141018-এবার_পশ্চিম_তীরে_ড্রোন_হামলা_চালিয়ে_৭_ফিলিস্তিনিকে_হত্যা_করল_ইসরাইল
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এসব ফিলিস্তিনির নিহত হওয়ার খবর দিয়েছে রেসিস্টেন্স নিউজ নেটওয়ার্ক বা আরএনএন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
আগস্ট ২৭, ২০২৪ ১২:৫৮ Asia/Dhaka
  • এবার পশ্চিম তীরে ড্রোন হামলা চালিয়ে ৭ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় এসব ফিলিস্তিনির নিহত হওয়ার খবর দিয়েছে রেসিস্টেন্স নিউজ নেটওয়ার্ক বা আরএনএন।

এটি বলেছে, গতকাল (সোমবার) পশ্চিম তীরের তুলকারেম শহরের নিকটবর্তী নূর শামস শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বর্বরোচিত ওই হামলায় বাড়িতে থাকা সাত ফিলিস্তিনি নিহত হন।

ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে, নিহত সাত জনের মধ্যে ১৫ ও ১৬ বছর বয়সি দুই কিশোর রয়েছেন। এছাড়া, গত বছরের নভেম্বরে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি পাওয়া একজন ফিলিস্তিনিও বাড়িটিতে উপস্থিত ছিলেন।

ওয়াফা আরো জানিয়েছে, ইসরাইলি ড্রোন থেকে ওই বাড়ি ও এর আশপাশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে আরো কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। তবে ইহুদিবাদী ইসরাইলি সেনারা যথারীতি দাবি করেছে, তারা ফিলিস্তিনি যোদ্ধাদের একটি ‘কমান্ড সেন্টারে’ হামলা চালিয়েছে।

এদিকে পশ্চিম তীরের বেথেলহাম শহরের কাছে উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় ৩৭ বছর বয়সি এক ফিলিস্তিনি যুবক নিহত ও অপর চারজন আহত হয়েছে।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস নূর শামস ক্যাম্পে ইসরাইলের ড্রোন হামলাকে গণহত্যা হিসেবে অভিহিত করে বলেছে, পশ্চিম তীরে ইসরাইল বিরোধী হামলা ঠেকাতে এ বর্বরোচিত হামলা চালানো হয়েছে। তবে এর মাধ্যমে দখলদার শক্তি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস।

অন্যদিকে ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞ থেকে সকলের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পশ্চিম তীরে একই ধরনের গণহত্যা চালিয়েছে তেল আবিব। তবে এ ধরনের হত্যাকাণ্ড চালিয়ে ইসরাইল পার পাবে না বলে জানিয়েছে ইসলামি জিহাদ।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।