হিজবুল্লাহর রকেট হামলায় সশস্ত্র দুই ইসরাইলি নিহত 
https://parstoday.ir/bn/news/event-i143722-হিজবুল্লাহর_রকেট_হামলায়_সশস্ত্র_দুই_ইসরাইলি_নিহত
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রকেট হামলায় ইহুদিবাদী ইসরাইলের দুই সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৩, ২০২৪ ০৯:২৭ Asia/Dhaka
  • নাহরিয়ায় হিজবুল্লাহর রকেট হামলায় আগুন জ্বলছে একটি স্থানে
    নাহরিয়ায় হিজবুল্লাহর রকেট হামলায় আগুন জ্বলছে একটি স্থানে

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রকেট হামলায় ইহুদিবাদী ইসরাইলের দুই সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে। 

গতকাল (মঙ্গলবার) ইসরাইলের নাহারিয়া শহরের একটি ভবনে সরাসরি হিজবুল্লাহর রকেট আঘাত হানে এবং তাতে দুই ব্যক্তি নিহত হয়। রকেট হামলায় আরো দুই ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছে। যে দুজন নিহত হয়েছে তারা নাহারিয়া ইহুদি বসতিতে বাস করত এবং রিজার্ভ সেনা ছিল।

যে ভবনে হিজবুল্লাহর রকেট আঘাত হেনেছে তাতে আগুন ধরে যায় এবং শেষ খবর পর্যন্ত জ্বলছিল। দখলদার সেনারা হিজবুল্লাহর রকেট হামলার কথা স্বীকার করে জানিয়েছে, ইসরাইলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহ একসাথে দশটি রকেট ছোঁড়ে। 

এদিকে, হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা তেল আবিবের দক্ষিণে একটি বিমানঘাঁটিতে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এ সময় নিরাপত্তার জন্য ইসরাইলি বাহিনী সাইরেন বাজায় এবং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমানের ওঠানামা বন্ধ রাখা হয়।#

পার্সটুডে/এসআইবি/১৩ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।