ইরান-বিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে উপহার দেয়ার ব্যবস্থা করলেন বাইডেন: রাশিয়ান দূত
-
মিখাইল উলিয়ানভ
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কেবল ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে এবং একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হননি বরং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র বোর্ড অফ গভর্নর্সে ইরান-বিরোধী প্রস্তাব পাস করে তা ডোনাল্ড ট্রাম্পের হাতে উপহার হিসেবে তুলে দেয়ার ব্যবস্থা করেছেন।
গতকাল (শুক্রবার) আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখতে গিয়ে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ একথা বলেছেন।
তিনি বলেন, মার্কিন প্রতিনিধি জুন মাসে অনুষ্ঠিত বৈঠকে ইরানের বিরুদ্ধে বৃহত্তর কৌশল নিয়ে কথা বলেছিলেন। "এই বিষয়ে, আমরা জানতে চাই যে, সে কৌশল গঠিত হয়েছে কিনা? দুর্ভাগ্যবশত, আমরা কোনো কৌশল দেখতে পাচ্ছি না বরং মনে হচ্ছে- বাইডেন প্রশাসন রাজনৈতিক সদিচ্ছার অভাবে পরমাণু সমঝোতায় ফেরেনি এবং এখন ডোনাল্ড ট্রাম্পকে উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।"
উলিয়ানভ বলেন, "সম্ভবত মার্কিন কৌশলটি হলো- ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে বোর্ড অব গভর্নর্সের পরবর্তী সভায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ব্যাপক ও হালনাগাদ মূল্যায়ন এবং একটি নতুন প্রস্তাব প্রস্তুত করার জন্য মহাপরিচালককে নির্দেশ দেয়া। সবশেষে আমরা বিশ্বাস করি, এই ধরনের নির্দেশনা শুধুমাত্র আইনি এবং যৌক্তিক ভিত্তির ঘাটতিই তুলে ধরে না বরং সমগ্র আইএইএ’র সুরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত নেতিবাচক নজির সৃষ্টি করে।#
পার্সটুডে/এসআইবি/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।