এবার ইসরাইলের শিল্পাঞ্চলে ড্রোন হামলা চালাল ইয়েমেন
https://parstoday.ir/bn/news/event-i145242-এবার_ইসরাইলের_শিল্পাঞ্চলে_ড্রোন_হামলা_চালাল_ইয়েমেন
ইয়েমেনের সেনাবাহিনী এবার ইহুদিবাদী ইসরাইলের আশকেলন এলাকায় অবস্থিত একটি শিল্পাঞ্চল লক্ষ্য করে ড্রোন অভিযান চালিয়েছে। বুধবার রাতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতি এ খবর জানিয়েছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২৪ ০৯:৪০ Asia/Dhaka
  • ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিকে মাঝখানে দেখা যাচ্ছে।
    ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিকে মাঝখানে দেখা যাচ্ছে।

ইয়েমেনের সেনাবাহিনী এবার ইহুদিবাদী ইসরাইলের আশকেলন এলাকায় অবস্থিত একটি শিল্পাঞ্চল লক্ষ্য করে ড্রোন অভিযান চালিয়েছে। বুধবার রাতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতি এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, “অভিযানের লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হয়েছে।” সারি’র বিবৃতিতে বলা হয়, ইয়েমেনি বিমান বাহিনী বুধবার দুই দফা অভিযান চালায়। এর একটি চালানো হয় ইসরাইলের ইয়াফা এলাকায় অবস্থিত একটি সামরিক অবস্থানে এবং দ্বিতীয়টি চালানো হয় আশকেলনের শিল্প এলাকায়।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যেসব সাহসী সামরিক অভিযান চালাচ্ছে তা প্রতিরোধ অক্ষের প্রতিপক্ষের জন্য চক্ষুশূলে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে ইয়েমেনের অভিযানগুলোর মাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে।

মঙ্গলবার ইসরাইলের রাজধানী তেল আবিবের দক্ষিণ শহরতলীতে অবস্থিত জাফা এলাকার একটি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

তার আগের দিন আশকেলন এলাকায় ইয়েমেন ড্রোন অভিযান চালায়। তারও আগে শনিবার তেল আবিবের কাছে ইয়েমেনের একটি হাইপারসনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ২০ ইহুদিবাদীর আহত হওয়ার কথা স্বীকার করে তেল আবিব।

ইয়েমেনের সেনাবাহিনী একথা স্পষ্ট করে দিয়েছে যে, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে।  দখলদার ইসরাইল ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৪৫,৩০০ ফিলিস্তিনিকে হত্যা ও লক্ষাধিক মানুষকে আহত করেছে। ইয়েমেন এ যুদ্ধের প্রথম দিন থেকে গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে।#          

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।