ট্রাম্পের ভয়াবহ 'পরিকল্পনা'
গাজাবাসীকে জোরপূর্বক দেশত্যাগের প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করল ইরান
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে সেখানকার জনগণকে সরিয়ে গাজা ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা সরাসরি এবং দৃঢ় ভাষায় প্রত্যাখ্যান করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি গতকাল (বুধবার) বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনার কঠোর নিন্দা করছে তেহরান। ট্রাম্পের এই পরিকল্পনাকে ইহুদিবাদী ইসরাইলের সীমান্ত বৃদ্ধির পরিকল্পনা এবং ফিলিস্তিনি জাতিগোষ্ঠীর পরিচয় মুছে ফেলার ভয়াবহ নীলনকশা বলে মন্তব্য করেন ইসমাইল বাকায়ি।
তিনি বলেন, গাজা উপত্যকা পরিষ্কার করার নামে জোরপূর্বক সেখানকার লোকজনকে অন্য কোথাও সরিয়ে নেয়ার পরিকল্পনা প্রকৃতপক্ষে ইহুদিবাদী ইসরাইলের ‘হিসেবি এজেন্ডা’ যার লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনি জাতিকে মুছে ফেলা।
ইসমাইল বাকায়ি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলে নেয়ার যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নজিরবিহীন লঙ্ঘন। মার্কিন এই পরিকল্পনাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, গত ৭৬ বছর ধরে ফিলিস্তিনে জনগণ ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে আসছেন, তারা বর্ণবাদী ইসরাইলের বিরুদ্ধে শক্তভাবে রুখে দাঁড়িয়েছেন এবং কোনভাবেই তারা তাদের পূর্বপুরুষের ভিটেমাটি ছাড়তে চান না।#
পার্সটুডে/এসআইবি/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।