'বিজেপির আইটি সেলকে দিয়ে কমিশন অ্যাপ বানিয়েছে’
এসআইআর নিয়ে ভুলভাল কাজ করছে নির্বাচন কমিশন: মুখ্যমন্ত্রী
-
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, এসআইআর (SIR) নিয়ে ভুলভাল কাজ করছে।’ বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশন অ্যাপ বানিয়েছে বলেও অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো ও প্রশাসনিক প্রধান মমতা বন্দোপাধ্যায়। বিষয়টিকে সম্পূর্ণ ‘অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক’ বলেও মন্তব্য করেন তিনি।
বহু প্রতীক্ষিত ‘গঙ্গাসাগর সেতু উদ্বোধনের পর কোলকাতায় ফেরার পথে তিনি আজ মঙ্গলবার এসব কথা বলেন। উদ্বোধনের মঞ্চ থেকেই তিনি বাংলায় চলমান এসআইআর নিয়ে মানুষের হয়রানির বিষয়টি তুলে ধরেন। মমতা বলেন, প্রবল ঠান্ডায় শুনানির জন্য বৃদ্ধ, অন্তঃসত্ত্বা মহিলারাও লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছে। নাম বাদ দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, শুনানির নামে মানুষকে হেনস্তা করা হচ্ছে। এসআইআরে ৫৪ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। তাঁদের অধিকার ছিল ৭ ও ৮ নম্বর ফর্ম ফিলআপ করার কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ভুলভাল করছে কমিশন। জীবিতদের মৃত দেখানো হচ্ছে। বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশন অ্যাপ তৈরি করেছে বলেও অভিযোগ প্রশাসনিক প্রধানের। তিনি বলেন, যে অ্যাপ বানানো হয়েছে বিজেপির আইটি সেল দিয়ে, তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। এভাবে চলতে পারে না।'#
পার্সটুডে/জিএআর/৬