বিমানবন্দরে জামায়াতের জেলা আমিরকে গ্রেপ্তার একটি সাজানো নাটক: জামায়াত
-
জামায়াতের সংবাদ সম্মেলন
পার্সটুডে-বুধবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা জানান।
বাংলা দৈনিক আমার দেশ'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, জনাব জুবায়ের বলেন: ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটকের ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজানো নাটক। দলটি জানিয়েছে, বিমানবন্দরের মতো সংরক্ষিত এলাকায় জামায়াতের একজন বয়স্ক দায়িত্বশীলকে এভাবে আটক করে জামায়াতকে বিতর্কিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে।
তিনি বলেন, তাকে আটকের পর মানসিকভাবে নির্যাতন করায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবিলম্বে তার মুক্তি ও চিকিৎসাব্যবস্থার দাবি জানাচ্ছি। একই সঙ্গে নির্বাচনের আগে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কাজে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জুবায়ের বলেন, তিনি (জেলা আমির) নিজেই স্পষ্ট করেছেন যে, ব্যাংক বন্ধ থাকায় লেনদেনের জন্য তার সঙ্গে কিছু নগদ টাকা ছিল। এটা খুবই স্বাভাবিক যে, তিনি ব্যবসা করেন, নিজের, পরিবার বা অন্য প্রয়োজনে এটা তিনি বহন করতে পারেন। এটা কোনো ক্রিমিনাল অপরাধ নয়। অথচ এটা নিয়ে নাটক সাজানো হচ্ছে এবং বিভিন্ন মিডিয়ায় নানা ধরনের সংবাদ প্রচার করা হচ্ছে।
তিনি বলেন, জামায়াত তার কর্মকাণ্ড ও কর্মসূচি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে করে থাকে। অথচ জামায়াতের বিপুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে বিতর্কিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের যোগসাজশে এ ধরনের অপপ্রয়াস একের পর এক ঘটানো হচ্ছে।#
পার্সটুডে/এনএম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।