লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১৬ শহীদ, আহত ৩০
https://parstoday.ir/bn/news/event-i160538-লেবাননের_নাবাতিয়েহ_অঞ্চলে_ইসরায়েলি_হামলায়_অন্তত_১৬_শহীদ_আহত_৩০
পার্সটুডে: দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ (Nabatieh) জেলায় ইসরায়েলের সর্বশেষ হামলায় অন্তত ১৬ জন শহীদ এবং ১২ জন আহত হয়েছেন বলে লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে।
(last modified 2026-06-20T14:48:19+00:00 )
জুন ২০, ২০২৬ ২০:৩৪ Asia/Dhaka
  • নাবাতিয়েহ অঞ্চলে ইসরায়েলি হামলার একটি দৃশ্য
    নাবাতিয়েহ অঞ্চলে ইসরায়েলি হামলার একটি দৃশ্য

পার্সটুডে: দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ (Nabatieh) জেলায় ইসরায়েলের সর্বশেষ হামলায় অন্তত ১৬ জন শহীদ এবং ১২ জন আহত হয়েছেন বলে লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তাদের কর্মীরা ভোর থেকে ওই এলাকায় চলমান হামলার পরিণতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে।

এর একদিন আগে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৭ জন শহীদ ও ৯৭ জন আহত হয়েছিলেন।

লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তির পর এটিকে সবচেয়ে গুরুতর সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে।

হালনাগাদ হতাহতের প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিমান হামলাগুলো নাবাতিয়েহ, জেজিন এবং বালবাক জেলার একাধিক শহর ও জনপদকে লক্ষ্য করে চালানো হয়েছিল।

সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে হারুফ এলাকায়, যেখানে তিনজন নারীসহ ৯ জন শহীদ এবং আরও ১৪ জন আহত হয়েছেন।

দুয়েইর এলাকায় এক শিশু ও এক নারীসহ ৬ জন শহীদ এবং ৬ জন আহত হয়েছেন।

হাবুশ এলাকায় ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দেইর আল-জাহরানি এলাকায় ৪ জন এবং আরব সালিম এলাকায় এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।

পূর্ব লেবাননে, বালবাক-এর কাছে তাল আল-আবিয়াদ এলাকায় ৩ জন শহীদ য়েছেন। অন্যদিকে আইন বুরদাই এলাকায় ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে শুক্রবার লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি (NNA) জানিয়েছিল যে, দক্ষিণ লেবাননের বিভিন্ন আবাসিক এলাকা, মোটরসাইকেল এবং কৃষিজমি লক্ষ্য করে অজস্র ইসরায়েলি বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে।

বুধবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইলেকট্রনিক পদ্ধতিতে ইসলামাবাদ সমঝোতা স্মারক (Islamabad Memorandum of Understanding) স্বাক্ষর করেন। এই সমঝোতার লক্ষ্য ছিল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ বন্ধ করা এবং একই সঙ্গে লেবাননের ওপর ইসরায়েলি হামলা বন্ধ করা।

তবে প্রধানমন্ত্রী বেনিআমিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) নেতৃত্বাধীন ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যরা, বিশেষ করে উগ্র ডানপন্থী অংশের প্রতিনিধিরা, ইরান-সংক্রান্ত চুক্তির সঙ্গে লেবাননে সামরিক অভিযান বন্ধ করার বিষয়টিকে যুক্ত করার ধারণা প্রত্যাখ্যান করেছেন।

তারা নিরাপত্তা সংক্রান্ত কোনো ছাড় দিতে অস্বীকৃতি জানিয়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন।

সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২ মার্চ থেকে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৩,৯৮০ জন নিহত, ১২,০০১ জন আহত এবং ১০ লক্ষেরও বেশি মানুষ গৃহচ্যুত বা শরণার্থী হয়েছেন। #

পার্স টুডে/এমএএইচ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।