কৌশল পরিবর্তনের পরামর্শ দিচ্ছে ইসরায়েলি সামরিক সূত্র
হিজবুল্লাহ'র নতুন কৌশল ও লক্ষ্য এখন সিনিয়র ইসরায়েলি সেনা-কমান্ডাররা; আতঙ্কিত তেলআবিব
-
হিজবুল্লাহ'র নতুন কৌশল ও লক্ষ্য এখন সিনিয়র ইসরায়েলি সেনা-কমান্ডাররা; আতঙ্কিত তেলআবিব
পার্সটুডে: ইসরায়েলি সামরিক সূত্রগুলো দক্ষিণ লেবাননে সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছে। এসব ঘটনায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বিশেষভাবে জ্যেষ্ঠ ফিল্ড কমান্ডারদের লক্ষ্যবস্তু করেছে বলে জানা গেছে। এর ফলে সামরিক কার্যক্রমের ধরনে পরিবর্তন আনার দাবি উঠেছে বলে ওয়াল্লা নিউজ-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর মূল্যায়নে বলা হয়েছে যে হিজবুল্লাহ তথাকথিত “ইয়েলো লাইন” বরাবর তাদের নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের নেটওয়ার্ক পুনরায় সক্রিয় করেছে। বিশেষ করে রাতের বেলায় পরিচালিত অভিযানে তারা উচ্চপদস্থ সামরিক কমান্ডারদের অবস্থান শনাক্ত করে হামলার দিকে মনোযোগ দিচ্ছে।
ইসরায়েলি কর্মকর্তারা একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার দিকে ইঙ্গিত করে বলেছেন যে এগুলো “উপেক্ষা করা সম্ভব নয়”। এর মধ্যে রয়েছে:
ড্রোন হামলায় ৪০১তম ব্রিগেডের সাবেক কমান্ডারের গুরুতর আহত হওয়া।
বিস্ফোরক ডিভাইস (IED) হামলায় ৩৬তম ডিভিশনের উপ-কমান্ডারের আহত হওয়া।
পৃথক একটি ড্রোন হামলায় ৫২তম ব্যাটালিয়নের কমান্ডারের নিহত হওয়া।
সামরিক সূত্রগুলোর মতে, হিজবুল্লাহ বিশেষ করে রাতের বেলায় উন্নত প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করে রেডিও যোগাযোগ পর্যবেক্ষণ এবং মাঠ পর্যায়ে সিনিয়র কমান্ডারদের সঙ্গে সংশ্লিষ্ট সংকেত শনাক্ত করছে। তারা এই কার্যক্রমকে অত্যন্ত উচ্চমানের সামরিক দক্ষতার পরিচয় বলে বর্ণনা করেছে।
গত শুক্রবার (১৯ জুন), লেফটেন্যান্ট কর্নেল দোর গেদালিয়া সিমহন (Dor Gedalia Ben Simhon)- যিনি ইসরায়েলি সেনাবাহিনীর ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন-দক্ষিণ লেবাননের কাফর তিবনিত গ্রামে হিজবুল্লাহ'র এক ড্রোন হামলায় নিহত হন। ওই হামলায় আরও তিন ইসরায়েলি সৈন্য খতম হয়। হামলাটি ব্যাটালিয়ন কমান্ডারের ট্যাংককে লক্ষ্য করে চালানো হয়েছিল এবং হিব্রু ভাষার গণমাধ্যম এটিকে “বিপর্যয়কর” বলে বর্ণনা করেছে।
এর একদিন আগে, বৃহস্পতিবার (১৮ জুন), দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পেতে রাখা বিস্ফোরক ডিভাইসের (IED) আঘাতে ৩৬তম ডিভিশনের এক ইসরায়েলি রিজার্ভ সৈন্য নিহত হন। একই ঘটনায় ডিভিশনের উপ-কমান্ডারসহ আরও সাতজন সেনাসদস্য আহত হন।
এরও আগে, মে মাসের শেষ দিকে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের ডিবিল এলাকার উপকণ্ঠে একটি ড্রোন হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার মেইর বিদারম্যানকে (Meir Biderman) টার্গেট বা লক্ষ্যবস্তু করেছিল।
প্রতিবেদনটি ইঙ্গিত করে যে, হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে তাদের হামলার কৌশলে পরিবর্তন এনে সরাসরি সিনিয়র সামরিক নেতৃত্বকে লক্ষ্য করছে, যা ইসরায়েলি বাহিনীর জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে। #
পার্স টুডে/এমএএইচ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।