একযোগে পদত্যাগ করলেন বাংলাদেশের ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেল
-
৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেল
বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সাত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজ নিজ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
আজ (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইমরুল কায়েস রানা। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমরা একযোগে ১৭ জন পদত্যাগ করেছি।’ পদত্যাগপত্রে জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় ব্যর্থতাসহ সরকারের কিছু পদক্ষেপ এবং মৌলিক মতপার্থক্যের কথা উল্লেখ করা হয়।
পদত্যাগকারী ডিএজিরা হলেন, অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট আবদুল করিম, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, অ্যাডভোকেট গোলাম রহমান ভুঁইয়া, অ্যাডভোকেট আসাদ উদ্দিন, অ্যাডভোকেট তারিকুল ইসলাম।
এএজিরা হলেন, ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল পদত্যাগপত্র পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।তিনি জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিন সহকারী আইন কর্মকর্তা এবং বাকি ১৫ জন জুলাই সনদসহ একই কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
"আমি দুর্ভাগ্যজনকভাবে দেখছি তারা পদত্যাগপত্রে এই বিষয়টি উল্লেখ করেছেন যেটি একটি রাজনৈতিক দল এবং তারা যে রাজনৈতিক দলকে সমর্থন করেন সেই দলেরই রাজনৈতিক এজেন্ডা। এই কথা উল্লেখের মাধ্যমে এতোদিন পর্যন্ত তারা রাষ্ট্রের পক্ষে আইন কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন, তাদের নিরপেক্ষতা, সততা, দেশপ্রেম এবং দায়িত্ব ও কর্তব্যের প্রতি তাদের নিষ্ঠাকে প্রশ্নবিদ্ধ করছে।"
গতকাল (সোমবার) ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারও তার পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
পদত্যাগপত্রে বদিউজ্জামান তপাদার উল্লেখ করে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর একই বছরের আগস্ট মাসে তাকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তার নাম প্রস্তাবকারী ও সুপারিশকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শ্রদ্ধা, সততা ও নিষ্ঠার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। তবে বর্তমানে ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়ে রেজাউল করিম পদত্যাগ করেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানও পদত্যাগ করেছিলেন।#
পার্সটুডে/এমএআর/২২