বাগদাদে আরাকচি; দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা
https://parstoday.ir/bn/news/event-i160830-বাগদাদে_আরাকচি_দ্বিপাক্ষিক_সম্পর্ক_ও_আঞ্চলিক_পরিস্থিতি_নিয়ে_আলোচনা
পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরাকি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে বাগদাদে পৌঁছেছেন।
(last modified 2026-06-28T13:12:52+00:00 )
জুন ২৮, ২০২৬ ১৯:০১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি (ডানে)
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি (ডানে)

পার্সটুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরাকি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে বাগদাদে পৌঁছেছেন।

ইরানের একটি রাজনৈতিক প্রতিনিধিদল তাঁর নেতৃত্বে আজ (রোববার) ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছে। সেখানে তাঁকে স্বাগত জানান ইরাকের যোগাযোগমন্ত্রী মুস্তাফা সান্দ।

ইরাকি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক (MoU), ইরাকের পক্ষ থেকে ইরানের পাওনা অর্থ পরিশোধ, সীমান্ত নিরাপত্তা এবং ইরাকের ভূখণ্ডে ইরানবিরোধী গোষ্ঠীগুলোর তৎপরতা প্রতিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীদের উদ্যোগে কয়েক দফা আলোচনার পর গত জুন মাসে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে উভয় পক্ষের মধ্যে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করা এবং কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী-এর স্মরণে ইরাকের পবিত্র ধর্মীয় নগরীগুলোতে অনুষ্ঠেয় জানাজা ও শোকানুষ্ঠানের আয়োজন নিয়ে ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবেন বলেও আশা করা হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর ইরাকি সমকক্ষ ফুয়াদ হুসেইন-এর সঙ্গেও বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়।

‘ইরাকের সঙ্গে সম্পর্ক বিস্তার তেহরানের সর্বোচ্চ অগ্রাধিকার

ইরানি প্রতিনিধিদল বাগদাদে পৌঁছানোর কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি লিখেছেন, "মহান ও ভ্রাতৃপ্রতিম ইরাককে শুভেচ্ছা।"

তিনি আরও বলেছেন, "পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা বাগদাদে পৌঁছেছি। বিজয়ের কমান্ডারদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পর ইরাকের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ আমাদের ইরাকি ভাইদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করব।"

বাকায়ি দুই দেশের গভীর সাংস্কৃতিক ও সভ্যতাগত বন্ধনের কথা উল্লেখ করে জোর দিয়ে বলেছেন, ইরাকের সঙ্গে সম্পর্ক জোরদার তেহরানের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবেই থাকবে। #
 

পার্স টুডে/এমএএইচ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।