সৌদি-মার্কিন পরমাণু-চুক্তি কার্যকরের শর্ত ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/event-i162536-সৌদি_মার্কিন_পরমাণু_চুক্তি_কার্যকরের_শর্ত_ইসরায়েলের_সঙ্গে_স্বাভাবিক_সম্পর্ক_ট্রাম্প
পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সাথে বেসামরিক পারমাণবিক শক্তি বিষয়ক একটি প্রস্তাবিত চুক্তি কংগ্রেসে পাঠিয়েছেন, পাশাপাশি জোর দিয়েছেন যে এই চুক্তি কেবল 'ইসরাইল'-এর সাথে সৌদি সরকারের সম্পর্ক স্বাভাবিক করার পরই কার্যকর হবে। মঙ্গলবার এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা রয়টার্সকে এই তথ্যজানিয়েছেন।
(last modified 2026-08-26T13:13:55+00:00 )
আগস্ট ২৬, ২০২৬ ১৮:১৭ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ৪ মার্চ, ২০২৫-এ ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের হাউস চেম্বারে কংগ্রেসের যৌথ অধিবেশনে (ফাইল ছবি) 
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ৪ মার্চ, ২০২৫-এ ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের হাউস চেম্বারে কংগ্রেসের যৌথ অধিবেশনে (ফাইল ছবি) 

পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সাথে বেসামরিক পারমাণবিক শক্তি বিষয়ক একটি প্রস্তাবিত চুক্তি কংগ্রেসে পাঠিয়েছেন, পাশাপাশি জোর দিয়েছেন যে এই চুক্তি কেবল 'ইসরাইল'-এর সাথে সৌদি সরকারের সম্পর্ক স্বাভাবিক করার পরই কার্যকর হবে। মঙ্গলবার এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা রয়টার্সকে এই তথ্যজানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, গত জুলাইয়ে চূড়ান্ত-করা এই চুক্তিটি গত পরশু (সোমবার) কংগ্রেসে পাঠানো হয়েছে এবং এই চুক্তি অনুযায়ী মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি রপ্তানির অনুমতি পাবে। 

ওয়াশিংটনে সৌদি দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

ট্রাম্প কীভাবে পারমাণবিক চুক্তিটি কংগ্রেসে পাঠানোর মাধ্যমে তাঁর লক্ষ্য অগ্রসর করার আশা করছেন, তা পরিষ্কার নয়। কংগ্রেস এই চুক্তি বিবেচনার জন্য ৯০ কার্য-দিবস সময় পাবে।

ওই মার্কিন কর্মকর্তা এক ইমেইলে বলেছেন, " প্রেসিডেন্ট ট্রাম্পের এই অবস্থান অপরিবর্তিত আছে যে, চুক্তিটি কেবল তখনই বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে যদি সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগদান করে"। তিনি এ প্রসঙ্গে 'ইসরাইল' ও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদানের মধ্যে মার্কিন-মধ্যস্থতায় হওয়া চুক্তিগুলোর দিকে ইঙ্গিত করেছেন ।

জুলাইয়ে সৌদি পারমাণবিক চুক্তিতে সম্মত হওয়ার কয়েকদিন পরই ট্রাম্প—যিনি তাঁর প্রথম মেয়াদেও একই রকম একটি চুক্তিতে কাজ করেছিলেন—এই চুক্তি কার্যকরের শর্ত হিসেবে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সৌদি সরকারের সম্পর্ক স্বাভাবিকীকরণকে জুড়ে দেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও একটি পারমাণবিক চুক্তির পক্ষে চাপ দিয়েছিলেন এবং এটিকে তথাকথিত আব্রাহাম-চুক্তি বা অ্যাকর্ডস-এর সাথে যুক্ত করতে চেয়েছিলেন।

৩০ বছরের এই পারমাণবিক চুক্তিতে এপি-১০০০ রিঅ্যাক্টর নির্মাণের কথা বলা হয়েছে, যা শত শত কোটি ডলারের একটি প্রকল্প এবং যার থেকে ওয়েস্টিংহাউস উপকৃত হবে। এই কোম্পানিটি যৌথভাবে কানাডাভিত্তিক ক্যামেকো এবং ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট (BAM.N)-এর মালিকানাধীন।

দুই কংগ্রেস-সূত্র জানিয়েছে, চুক্তিটি কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো হয়েছে এবং বুধবার কমিটিগুলোর কাছে হস্তান্তর করা হবে বলে আশা করা যাচ্ছে। যদি কংগ্রেস ৯০ কার্যদিবসের মধ্যে এই চুক্তিতে আপত্তি না জানায়, তাহলে তা কার্যকর হবে। যদি কংগ্রেস চুক্তিটি প্রত্যাখ্যান করে, ট্রাম্প সেই সিদ্ধান্তে ভেটো দিতে পারেন। আর ট্রাম্পের ভেটো অকার্যকর করতে হলে কংগ্রেসে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোট দরকার হবে। #

 

পার্সটুডে/এমএএইচ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন