আলী আত-তাহেরের সুড়ঙ্গগুলো দখলদারদের বিপর্যয়ের ফাঁদ: লেবাননি বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/event-i162848-আলী_আত_তাহেরের_সুড়ঙ্গগুলো_দখলদারদের_বিপর্যয়ের_ফাঁদ_লেবাননি_বিশ্লেষক
পার্সটুডে: একজন লেবাননি সামরিক ও কৌশলগত বিষয়ের বিশেষজ্ঞ দক্ষিণ লেবাননের আলী আত-তাহের পাহাড়ের সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে জোর দিয়ে বলেছেন, এই এলাকায় ইহুদিবাদী ইসরাইলের জন্য যুদ্ধ অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল হবে। ইসরাইলি বাহিনী স্থলপথে এই পাহাড়ের দিকে অগ্রসর হলে সংঘর্ষের পরিধিও আরও বিস্তৃত হবে।
(last modified 2026-09-06T14:50:26+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২৬ ২০:০৭ Asia/Dhaka
  • আলী আত-তাহেরের সুড়ঙ্গগুলো দখলদারদের বিপর্যয়ের ফাঁদ: লেবাননি বিশ্লেষক
    আলী আত-তাহেরের সুড়ঙ্গগুলো দখলদারদের বিপর্যয়ের ফাঁদ: লেবাননি বিশ্লেষক

পার্সটুডে: একজন লেবাননি সামরিক ও কৌশলগত বিষয়ের বিশেষজ্ঞ দক্ষিণ লেবাননের আলী আত-তাহের পাহাড়ের সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে জোর দিয়ে বলেছেন, এই এলাকায় ইহুদিবাদী ইসরাইলের জন্য যুদ্ধ অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল হবে। ইসরাইলি বাহিনী স্থলপথে এই পাহাড়ের দিকে অগ্রসর হলে সংঘর্ষের পরিধিও আরও বিস্তৃত হবে।

পার্সটুডে ইরনার বরাত দিয়ে জানিয়েছে, লেবাননি সামরিক ও কৌশলগত বিশেষজ্ঞ খলিল আল-জামিল বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে আলী আত-তাহেরের আশপাশের গ্রাম ও জনবসতিতে বোমাবর্ষণকে এই এলাকার দিকে ইসরাইলি সেনাদের সম্ভাব্য অগ্রযাত্রার ভূমিকা হিসেবে দেখা হচ্ছে। তবে এই উঁচু এলাকার দিকে যেকোনো এগুনোর অর্থ হবে ইসরাইলের জন্য অত্যন্ত কঠিন এক যুদ্ধের সূচনা।

তিনি ব্যাখ্যা করে বলেন, নিজেদের অবস্থান রক্ষায় সর্বোচ্চ আত্মত্যাগের জন্য হিজবুল্লাহ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বর্তমানে ইসরাইলি তৎপরতার জবাব দিতে এবং এই কৌশলগত এলাকায় তাদের প্রবেশ ঠেকাতে হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে।

আলী আত-তাহের এলাকায় ইসরাইলি অগ্রযাত্রা ঠেকানো এবং স্থলভাগে মোকাবিলার ক্ষেত্রে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা সম্পর্কে তিনি বলেন, আলী আত-তাহের ইসরাইলের জন্য অত্যন্ত কঠিন লক্ষ্যবস্তু। কারণ, ইসরাইল অতীতেও বহুবার এই এলাকার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলেও সফল হতে পারেনি। স্পষ্টতই, হিজবুল্লাহ কোনোভাবেই এই পাহাড় ছেড়ে দেবে না, কারণ তারা এটিকে দক্ষিণ লেবাননে তাদের অন্যতম প্রধান প্রতিরক্ষা রেখা হিসেবে বিবেচনা করে।

আল-জামিল জোর দিয়ে বলেন, যেকোনো ইসরাইলি অগ্রযাত্রা মোকাবিলা করতে এবং বিশেষ করে সুড়ঙ্গগুলোর দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে হিজবুল্লাহ আত্মত্যাগের জন্য প্রস্তুত রয়েছে। তবে ইসরাইল যদি আলী আত-তাহের পাহাড়ের কোনো সুড়ঙ্গের দিকে অগ্রসর হয়, তাহলে তা তাদের জন্য বিপর্যয়কর হতে পারে।

তিনি আরও বলেন, সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও ইসরাইল যদি আলী আত-তাহের দখলের চেষ্টা করে, তাহলে সেই লক্ষ্য অর্জন তাদের জন্য অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল হবে। একই সঙ্গে মনে রাখতে হবে, এমন পরিস্থিতিতে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে হিজবুল্লাহ ইসরাইলি বসতিগুলোর দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। ফলে ইসরাইল স্থল অভিযান শুরু করলে পরিস্থিতি অত্যন্ত খারাপ দিকে মোড় নিতে পারে।

এই সামরিক বিশেষজ্ঞ আরও বলেন, যুদ্ধক্ষেত্রে শক্তির ভারসাম্যের দৃষ্টিকোণ থেকে ইসরাইলের স্থল অগ্রযাত্রা দক্ষিণ লেবানন অঞ্চলে বড় ধরনের কৌশলগত প্রভাব ফেলবে। কারণ আলী আত-তাহের দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকার ওপর নজরদারি ও নিয়ন্ত্রণের সুবিধা দেয় এবং এটি হিজবুল্লাহর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে বিবেচিত। তবে আগেই যেমন বলা হয়েছে, এই এলাকা দখলের পথে ইসরাইলকে অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল সামরিক অভিযানের মুখোমুখি হতে হবে। #

 

পার্সটুডে/এমএআর/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।