বিলটির পক্ষে ২৬২ ভোট এবং বিপক্ষে পড়ে ১৫৯ ভোট
রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প
-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
পার্সটুডে: হোয়াইট হাউস ঘোষণা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের «রাশিয়া ও ইরান নিষেধাজ্ঞা—লিন্ডসি ও. গ্রাহাম» বিলটিতে স্বাক্ষর করে এটিকে আইনে পরিণত করেছেন।
পার্সটুডের প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বরাত দিয়ে বলা হয়েছে, হোয়াইট হাউস স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ঘোষণা করেছে যে, প্রেসিডেন্ট শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ «রাশিয়া ও ইরান নিষেধাজ্ঞা—লিন্ডসি ও. গ্রাহাম» বিলটিকে আইনে পরিণত করেছেন।
«এইচ.আর. ৫৩৩৪» নামে পরিচিত এবং «লিন্ডসি ও. গ্রাহাম আইন» হিসেবে উল্লেখিত এই আইনের লক্ষ্য ২০২৬ সালে রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা। এর মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, শুল্ক ও নিষেধাজ্ঞামূলক বিধিনিষেধ আরোপ এবং সম্প্রসারণের অনুমোদন দেয়া ও তা আরও বিস্তৃত করা হয়েছে। একইসঙ্গে ইরানের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞাগুলোর মেয়াদ বাড়ানো হয়েছে।
স্থানীয় সময় বুধবার রাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ রাশিয়া ও ইরানের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার বিলটি পাস করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠায়।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ রাশিয়া ও ইরানের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে পক্ষে ২৬২ ভোট এবং বিপক্ষে ১৫৯ ভোটে বিলটি পাস করে।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর ইউক্রেনকে সমর্থনের ক্ষেত্রে এই বিলকে সবচেয়ে উচ্চাভিলাষী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২৪ সালের জরুরি সহায়তা প্যাকেজের পর এ বিষয়ে প্রায় দুই বছরের আপেক্ষিক অচলাবস্থারও অবসান ঘটাবে এই বিল।
এই আইনের আওতায় রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাতের পাশাপাশি দেশটির তথাকথিত «ছায়া নৌবহর»-কেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া এই আইনের মাধ্যমে ইরান-সংক্রান্ত নিষেধাজ্ঞাও সম্প্রসারণ করা হয়েছে।
অর্থনৈতিক বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা রাশিয়া ও ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তেমন একটা কার্যকর হবে বলে মনে করছেন না। #
পার্সটুডে/এমএএইচ /১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।