গ্র্যান্ড আয়াতুল্লাহ শুবেইরির (র) মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতার শোক-বার্তা
https://parstoday.ir/bn/news/event-i163288-গ্র্যান্ড_আয়াতুল্লাহ_শুবেইরির_(র)_মৃত্যুতে_ইরানের_সর্বোচ্চ_নেতার_শোক_বার্তা
​​​​​​​পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান সর্বোচ্চ নেতা এক বার্তায় মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় উচ্চমর্যাদাসম্পন্ন ফকিহ (আইনবিদ) ও দিক-নির্দেশক গবেষক (মুজতাহিদ) হযরত আয়াতুল্লাহিল-উজমা শুবেইরি জানজানি (র) ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
(last modified 2026-09-22T12:09:33+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০২৬ ১৩:৪৭ Asia/Dhaka
  • মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় শিয়া (ইরানি) আলেম সদ্য-মরহুম আয়াতুল্লাহিল-উজমা শুবেইরি জানজানি ও  ইসলামী বিপ্লবের বর্তমান নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ী (ডানে)
    মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় শিয়া (ইরানি) আলেম সদ্য-মরহুম আয়াতুল্লাহিল-উজমা শুবেইরি জানজানি ও ইসলামী বিপ্লবের বর্তমান নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ী (ডানে)

​​​​​​​পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান সর্বোচ্চ নেতা এক বার্তায় মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় উচ্চমর্যাদাসম্পন্ন ফকিহ (আইনবিদ) ও দিক-নির্দেশক গবেষক (মুজতাহিদ) হযরত আয়াতুল্লাহিল-উজমা শুবেইরি জানজানি (র) ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

পার্সটুডে জানিয়েছে, ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ীর শোক- বার্তাটি নিম্নরূপ:

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

শ্রদ্ধেয় উস্তাদ, উচ্চমর্যাদাসম্পন্ন ফকিহ হযরত আয়াতুল্লাহিল উজমা শুবেইরির দুঃখজনক ইন্তেকালের সংবাদ পেয়েছি—আল্লাহ তাঁর প্রতি রহমত বর্ষণ করুন। এই মহান আলেম তাঁর শৈশবের প্রথম কয়েকটি বছর ছাড়া জীবনের পুরোটা সময় শিক্ষা গ্রহণ, শিক্ষা প্রদান ও গবেষণার পথে অতিবাহিত করেছেন। তাঁর সমসাময়িক ও একই প্রজন্মের ব্যক্তিবর্গ এবং উস্তাদগণ তাঁকে সবসময় একজন বড় গবেষক ও গভীর চিন্তাশীল ব্যক্তি হিসেবে বিবেচনা করতেন। শরিয়তের বিধান নির্ণয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জ্ঞান ও পদ্ধতির ওপর তাঁর ছিল গভীর দক্ষতা; একইসঙ্গে তিনি সূক্ষ্ম বিষয় ও খুঁটিনাটি দিকের প্রতি বিশেষ মনোযোগ দিতেন। সেই মহান ব্যক্তির পাঠদান সভাগুলোতে উপস্থিতির সংখ্যা কখনো কয়েকজনের বেশি না হলেও সেগুলো গবেষণা, অনুসন্ধান ও সূক্ষ্ম বিশ্লেষণের সমাবেশ হিসেবে পরিচিত ছিল এবং যথার্থভাবেই এমনটি ছিল।

আলহামদুলিল্লাহ, গত প্রায় তিন দশকেরও কিছু বেশি সময়ে বহু মানুষ তাঁর মূল্যবান জ্ঞান ও সান্নিধ্য থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী উপকৃত হওয়ার এবং নিজেদের বৈজ্ঞানিক ও শিক্ষাদানমূলক কর্মকাণ্ডের জন্য জ্ঞান সঞ্চয় করার সুযোগ পেয়েছেন। তাঁর সান্নিধ্য ছিল জ্ঞান বিতরণ ও জ্ঞান অর্জনের এক সমৃদ্ধ ক্ষেত্র—এমনকি পাঠদান শেষে পায়ে হেঁটে যখন তিনি তাঁর পবিত্র গৃহের দিকে যেতেন, তখনও। তাঁর সুপ্রতিষ্ঠিত বৈজ্ঞানিক মর্যাদার পাশাপাশি শিক্ষার্থী তথা তালাবা ও ফজিলত অর্জনকারী ব্যক্তিদের সঙ্গে তাঁর বিনয়ী ও পিতৃসুলভ আচরণও ছিল দৃশ্যমান এবং শিক্ষণীয়।

নিঃসন্দেহে, এই অসাধারণ ব্যক্তিত্বের শূন্যতা বর্তমান যুগে মুসলিম বিশ্বে শিয়া ইসলামের শীর্ষস্থানীয় গবেষকদের সারিতে একটি অপূরণীয় ঘাটতি সৃষ্টি করেছে, যা পূরণ হতে হয়তো দীর্ঘ সময় লাগবে। আমি এই শোকাবহ ঘটনায় আমাদের মহান নেতা (হযরত ইমাম মাহদি-আ.—আল্লাহ তাঁর আবির্ভাব ত্বরান্বিত করুন) এবং ধর্মতত্ত্ব শিক্ষার কেন্দ্রগুলো তথা হাওযাসমূহের আলেমসমাজ, বিশেষ করে তাঁর ছাত্র ও অনুরাগীদের এবং সর্বোপরি আলেম ও জ্ঞানী ব্যক্তিত্ব গড়ে তোলার ক্ষেত্রে সমৃদ্ধ তাঁর সম্মানিত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান ও সর্বোচ্চ আল্লাহর দরবারে সেই মহান ব্যক্তির মর্যাদা ও আধ্যাত্মিক অবস্থান আরও উন্নীত করার জন্য প্রার্থনা করছি।

সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ী

(৩১ শেহরিভার ১৪০৫) ২২ সেপ্টেম্বর, ২০২৬
 

পার্সটুডে/এমএএইচ /২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।