কেন্দ্রীয় সরকার গডসের কাশ্মীর তৈরি করতে চায় : মেহেবুবা মুফতি
https://parstoday.ir/bn/news/india-i100832-কেন্দ্রীয়_সরকার_গডসের_কাশ্মীর_তৈরি_করতে_চায়_মেহেবুবা_মুফতি
জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি ভারতের তৎকালীন জাতীয় নেতাদের কথা উল্লেখ করে বলেছেন, 'আমরা মহাত্মা গান্ধি, নেহরু, আম্বেদকর এবং সর্দার বল্লভভাই প্যাটেলের ধর্মনিরপেক্ষ ভারতের সঙ্গে হাত মিলিয়েছিলাম এবং তারা না থাকলে কাশ্মীর পাকিস্তানের সঙ্গে চলে যেত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৪, ২০২১ ১৬:০২ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি
    জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি ভারতের তৎকালীন জাতীয় নেতাদের কথা উল্লেখ করে বলেছেন, 'আমরা মহাত্মা গান্ধি, নেহরু, আম্বেদকর এবং সর্দার বল্লভভাই প্যাটেলের ধর্মনিরপেক্ষ ভারতের সঙ্গে হাত মিলিয়েছিলাম এবং তারা না থাকলে কাশ্মীর পাকিস্তানের সঙ্গে চলে যেত।

তিনি আজ (শনিবার) বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল ‘আজতক’-এ বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।      

মেহেবুবা বলেন, জওহরলাল নেহরু হোক বা বাবাসাহেব আম্বেদকর, তারা আমাদের সেই গ্যারান্টি দিয়েছেন যাকে আপনারা ৩৭০ ধারা ৩৫-এ ধারা বলছেন। এটাকে প্রত্যাহার করে কাশ্মীরের বিশ্বাসকে ভেঙে ফেলা হয়েছে।         

সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে মহান নেতা বলে অভিহিত করে মেহেবুবা বলেন, ‘তিনি চাইলে হাজার বালাকোট করতে পারতেন।  কিন্তু বাজপেয়ী এটা করেননি। অটল বিহারী বাজপেয়ী তা না করে রাজধর্ম পালন করেছিলেন। অটল বিহারী বাজপেয়ী কাশ্মীরকে দেখেছিলেন হৃদয়ের চোখ দিয়ে। কিন্তু বর্তমান সরকার গডসের কাশ্মীর বানাতে চায়।’   

মেহেবুবা আজ ‘এজেন্ডা আজতক’-এর মঞ্চ থেকে বিজেপি’র তীব্র সমালোচনা করেন। তিনি বিজেপির প্রতি কঠোর মনোভাব দেখালেও সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা অটলবিহারী বাজপেয়ীর প্রশংসা করেছেন।   

মেহেবুবা বলেন, অটলবিহারী বাজপেয়ী পাকিস্তানে গিয়েছিলেন, হুররিয়াতের সঙ্গে কথা বলেছেন। পারভেজ মুশাররফকে ডেকেছিলেন। অটলবিহারী বাজপেয়ীর অনেক সমালোচনা হয়েছিল। তিনি একটিও গুলি না ছুড়ে চলে যান বলেও মন্তব্য করা হয়। সম্ভবত এ কারণে নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন।   

মেহবুবা মুফতি আরও বলেন, অটল বিহারী বাজপেয়ী নির্বাচনে হেরে গেলেও আমরা তাকে সালাম জানাই। অটলবিহারী বাজপেয়ীর বুক ৫৬ ইঞ্চি নয়, ৬৭ ইঞ্চি। মেহেবুবা ৩৭০ এবং ৩৫-এ ধারার বিষয়টিও উল্লেখ করেন এবং আশাপ্রকাশ করেন, জম্মু-কাশ্মীরকে এই বিশেষাধিকারগুলো ফিরিয়ে দেওয়া হবে।#

পার্সটুডে/এমএএইচ/ আবুসাঈদ/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।