জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ গেরিলা নিহত
জম্মু-কাশ্মীরে দু’টি পৃথক স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ গেরিলা নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার) নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে প্রথম সংঘর্ষ হয় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার নয়না বাটপোরায়। এ সময় দুই গেরিলার মৃত্যু হয়। আজ বিকেল পর্যন্ত ওই এলাকায় তল্লাশি অভিযান চলে। ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, শ্রীনগরের হজরতবালে গেরিলাদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এ সময়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে এক গেরিলা নিহত হয়। এ সময় সুযোগ পেয়ে অন্য দু’জন গেরিলা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। তাদের সন্ধানে অভিযান শুরু হয়েছে।
পুলিশের আইজিপি কাশ্মীর বলেন, একটি যৌথ টিম তাদেরকে খুঁজতে নিয়োজিত রয়েছে। পুলওয়ামার সংঘর্ষ প্রসঙ্গে পুলিশ বলছে, নিহত সন্ত্রাসীরা লস্কর-ই-তাইয়্যেবার সঙ্গে যুক্ত।
হিন্দি গণমাধ্যম ‘অমর উজালা’ জানিয়েছে, আজ সকালে নয়না বাটপোরায় কিছু সন্দেহভাজন লোকের জড়ো হওয়ার খবর পায় পুলিশ। এরপর সেনা ও সিআরপিএফ-এর যৌথবাহিনী ঘটনাস্থলে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে। এ সময়ে গেরিলারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এরপর দীর্ঘক্ষণ ধরে চলা অভিযানে দুই গেরিলা নিহত হয়। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী নিহতদের কাছ থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, নিহত দু’জনেই লস্কর-ই-তাইয়্যেবার সঙ্গে যুক্ত।
গণমাধ্যম সূত্রে প্রকাশ, নিরাপত্তা বাহিনী প্রথমে তাদেরকে আত্মসমর্পণ করতে বলে। এ জন্য স্থানীয় অন্যান্য মানুষের সহায়তাও নেওয়া হয়। কিন্তু তারা আত্মসমর্পণ করতে রাজি হয়নি। পুলিশের একজন কর্মকর্তা বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, আজ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায়, অজ্ঞাত গেরিলারা একটি ব্যাঙ্কের গার্ডের উপর হামলা চালিয়ে অস্ত্র লুঠ করার চেষ্টা করেছিল। গেরিলাদের গুলিবর্ষণে আহত গার্ডকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের সন্ধানে গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন