রাজ্যে মন নেই, প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন মমতা: দিলীপ ঘোষ
https://parstoday.ir/bn/news/india-i105456-রাজ্যে_মন_নেই_প্রধানমন্ত্রী_হবার_স্বপ্ন_দেখছেন_মমতা_দিলীপ_ঘোষ
বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছেন, মুখ্যমন্ত্রীর এই রাজ্যে মন নেই, উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ২০, ২০২২ ১৪:৩৬ Asia/Dhaka
  • দিলীপ ঘোষ এমপি
    দিলীপ ঘোষ এমপি

বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছেন, মুখ্যমন্ত্রীর এই রাজ্যে মন নেই, উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।  

রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক হত্যার ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ আজ  সাংবাদিকদের বলেন, ‘মহানগর বলে আমাদের একটু চোখে বেশি পড়ছে তবে জেলায় জেলায় যে ধরনের হিংসা এবং অসামাজিক কাজকর্ম শুরু হয়েছে তাতে রাজ্য সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর আর এই রাজ্যে মন নেই। প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন। তিনি বাংলার মানুষকে এ সমস্ত গুন্ডাদের হাতে তুলে দিয়েছেন। একইদিনে দু’জন কাউন্সিলর মারা গেছেন। হোলির দিন, হোলির পরের দিন, রোজই এখন গুলি চলছে। প্রকাশ্য দিনের বেলায় গুলি চালাচ্ছে, দুর্বৃত্তরা ঘুরে বেড়াচ্ছে, যখন লোক চিৎকার করছে, পুলিশ তার পিছনে পিছনে দৌড়চ্ছে। সবাই জানে যারা এসব করছে তারা একেবারে বন্ড ক্রিমিনাল। অনেক মামলা আছে তাদের নামে। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। রোজই এরকম করছে, অথচ তারা ধরা পড়ছে না। ধরা পড়লে একজন লোকও সাজা পাচ্ছে না। সব সময় মার্ডার হচ্ছে। কোথায় আছে আইনশৃঙ্খলা? মন্ত্রীরা কী বলছেন, হয়েই থাকে এরকম। তাহলে সরকার কীজন্য আছে? পুলিশের কাজ কেবল বিরোধীদের আটকানো? তৃণমূলকে ভোটে জেতানো? আইনশৃঙ্খলা রক্ষা করা ওদের দায়িত্ব নয়? মানুষের জীবনকে সুরক্ষিত করা ওদের দায়িত্ব নয়?’ 

এদিকে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন। বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ আজ বলেন, ‘আমি উনাকে জিজ্ঞেস করতে চাই, সবে তো টুপি পরলেন, লুঙ্গিটা কবে পরবেন? যিনি রোজ পোশাক পরিবর্তন করেন, দল পরিবর্তন করেন, উনি নৈতিক দিক দিয়ে সব জায়গায় হেরে গেছেন। এখন হাতে-পায়ে ধরে কোনমতে মন্ত্রী হওয়ার তালে আছেন।’ ওনার আর কিছু চাই না শুধু একটা মন্ত্রীত্ব, সিকিউরিটি আর একটা গাড়ি  চাই। এটাই ওনার জীবনের লক্ষ্য’ বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি।  

এদিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় বলেন, ‘দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে আমাকে প্লিজ কিছু জিজ্ঞাসা করবেন না। উনি এবং তথাগত রায় নিজেদের একটি মান তৈরি করেছেন। অত্যন্ত নিম্ন একটি মান তৈরি করেছেন ওরা ও সঙ্গে কিছু নেতারা। ওরা ওই মানেই থাকেন, ওই ভাষাতেই কথা বলেন। অতটা নীচে আমি নামিও না, নামবও না’ বলে মন্তব্য করেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।