জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের গুলিবর্ষণে নিহত বিশেষ পুলিশ কর্মকর্তা ও তার ভাই
https://parstoday.ir/bn/news/india-i105740-জম্মু_কাশ্মীরে_অজ্ঞাত_গেরিলাদের_গুলিবর্ষণে_নিহত_বিশেষ_পুলিশ_কর্মকর্তা_ও_তার_ভাই
জম্মু-কাশ্মীরের বাডগামে ইশফাক আহমদ দার (২৬) নামে এক বিশেষ পুলিশ কর্মকর্তাকে (এসপিও) অজ্ঞাত গেরিলারা গুলি করে হত্যা করেছে। একইসঙ্গে ওই হামলায় আহত তার ভাই ওমর দারও (২৩) নিহত হয়েছেন। ওমর আজ (রোববার) সকাল ৫ টা নাগাদ একটি হাসপাতালে মারা যান।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
মার্চ ২৭, ২০২২ ১৫:৩৬ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলাদের গুলিবর্ষণে নিহত বিশেষ পুলিশ কর্মকর্তা ও তার ভাই

জম্মু-কাশ্মীরের বাডগামে ইশফাক আহমদ দার (২৬) নামে এক বিশেষ পুলিশ কর্মকর্তাকে (এসপিও) অজ্ঞাত গেরিলারা গুলি করে হত্যা করেছে। একইসঙ্গে ওই হামলায় আহত তার ভাই ওমর দারও (২৩) নিহত হয়েছেন। ওমর আজ (রোববার) সকাল ৫ টা নাগাদ একটি হাসপাতালে মারা যান।

আজ হিন্দি গণমাধ্যম ‘অমর উজালা’ সূত্রে প্রকাশ, মধ্য কাশ্মীরের বাডগাম জেলায় গতকাল (শনিবার) দিবাগত রাতে গেরিলারা বাড়িতে ঢুকে একজন বিশেষ পুলিশ অফিসার (এসপিও) এবং তার ভাইয়ের উপরে এলোপাথাড়ি গুলি চালায়। এতে গুরুতর আহত ‘এসপিও’ মারা যান। ঘটনার পর নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করলেও হামলাকারীদের খুঁজে পাওয়া যায়নি।   

পুলিশ বলছে, শনিবার রাতে সন্ত্রাসীরা চাট্টাবাগের বাসভবনে ঢুকে এসপিও ইশফাক আহমদ দার (২৬) এবং তার ভাই ওমর আহমদ দারকে (২৩) লক্ষ্য করে গুলি চালায়। এতে দু’জনেই গুরুতর আহত হন। এ সময় তারা উভয়েই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উভয় আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে ‘এসপিও’ মারা যান। তার ভাইও মারা গেছে। পুলিশ মামলা নথিভুক্ত করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

ঘটনার পরপরই পুলিশ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নেন। এ সময়ে প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসবাদ করা হয়েছে। হামলাকারীদের ধরতে গভীর রাত পর্যন্ত ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। পুলিশের আইজি বিজয় কুমার বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। পুলিশ সেই লক্ষ্যে কাজ শুরু করেছে।  

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা গতকাল গভীর রাতে এক বার্তায় বলেন, ‘আমি এসপিও ইশফাক আহমেদ এবং তার ভাই ওমর জানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করছি। ইশফাকের প্রতি শ্রদ্ধা, যিনি শহীদ হয়েছেন এবং ওমরের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। শোকের এই মুহূর্তে পরিবারের প্রতি গভীর সমবেদনা। যারা এই ঘৃণ্য হামলার পিছনে রয়েছে তারা শাস্তির বাইরে থাকবে না।’ আজ সকালে অবশ্য ওমর দার মারা যান।

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ওই হামলার তীব্র নিন্দা করেছেন।  এদিকে, কর্তৃপক্ষ ওই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আজ বানিহাল ও বারামুল্লার মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।