তেলেঙ্গানা বিজেপি সভাপতির বিরুদ্ধে ‘এফআইআর’ করার দাবি জানালো মজলিশ
https://parstoday.ir/bn/news/india-i108460-তেলেঙ্গানা_বিজেপি_সভাপতির_বিরুদ্ধে_এফআইআর’_করার_দাবি_জানালো_মজলিশ
ভারতে মজলিস বাঁচাও তেহরিক (এমবিটি) তেলেঙ্গানা বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় কুমারের বিরুদ্ধে এফআইআর করার দাবি তুলেছে। অন্যদিকে, মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) বলেছে, কেন্দ্রীয় বিজেপি সরকার ৮ বছরে তেলেঙ্গানার জনগণের জন্য কিছুই করেনি, সেজন্য বান্দি সঞ্জয় কুমারকে ঘৃণা ছড়াতে হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৭, ২০২২ ১০:২৯ Asia/Dhaka
  • তেলেঙ্গানা বিজেপি সভাপতির বিরুদ্ধে ‘এফআইআর’ করার দাবি জানালো মজলিশ

ভারতে মজলিস বাঁচাও তেহরিক (এমবিটি) তেলেঙ্গানা বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় কুমারের বিরুদ্ধে এফআইআর করার দাবি তুলেছে। অন্যদিকে, মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) বলেছে, কেন্দ্রীয় বিজেপি সরকার ৮ বছরে তেলেঙ্গানার জনগণের জন্য কিছুই করেনি, সেজন্য বান্দি সঞ্জয় কুমারকে ঘৃণা ছড়াতে হচ্ছে।

মজলিস বাঁচাও তেহরিক  ‘এমবিটি’ ওই বিজেপি নেতার বিরুদ্ধে ‘এফআইআর’ নথিভুক্ত করার দাবি জানিয়েছে।  এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে  দেরি হলে বড় আকারে বিক্ষোভের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।     

 তেলেঙ্গানা বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় কুমার গত (বুধবার)  করিমনগরে একটি জনসভায় বক্তব্য রাখেন। এ সময়ে তিনি বলেন, রাজ্যে সমস্ত মসজিদ খনন করা উচিত। উর্দু ভাষা নিয়েও বিতর্কিত বক্তব্য দেন তিনি। এরপরই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। কংগ্রেস, এআইএমআইএম (মিম) এবং মজলিস বাঁচাও তেহরিক (এমবিটি) বান্দি সঞ্জয় কুমারের বিরুদ্ধে ফ্রন্ট খুলেছে।   

রাজ্য বিজেপি সভাপতি বান্দি সঞ্জয় কুমার বলেন, আমরা রাজ্যের সব মসজিদ খনন করব। যদি কবর উদ্ধার হয়, মুসলমানরা তা দাবি করুক। যদি শিবম অর্থাৎ শিবলিঙ্গ পাওয়া যায় তবে তা আমাদের হাতে তুলে দিতে হবে। তিনি আরও বলেন, 'রাম রাজ্য' এলে আমরা উর্দু ভাষা সম্পূর্ণ নিষিদ্ধ করব। দেশের যেখানেই বোমা বিস্ফোরণ ঘটুক না কেন, তা এজন্য হচ্ছে যে, মাদ্রাসাগুলো সন্ত্রাসীদের প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে।    

মজলিস বাঁচাও তেহরিক (এমবিটি) নেতা ও মুখপাত্র আমজেদ উল্লাহ খান বিজেপি নেতার বিরুদ্ধে দবিরপুরা পুলিশে করা অভিযোগে বলেন, বুধবার করিমনগরে ‘হিন্দু ঐক্য সমাবেশ’-এর নামে একটি সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন তেলেঙ্গানা বিজেপির সভাপতি বান্দি সঞ্জয় কুমার। এ সময় হিন্দু-মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হয়। ইসলাম ও মুসলমানদের নিয়ে  উত্তেজক বক্তব্য দেওয়া হয়। তিনি তেলেঙ্গানার সব মসজিদ খননের কথা বলেছেন। এগুলো মন্দিরের উপর নির্মিত বলেও অভিযোগ করা হয়েছে।  আমজাদুল্লাহ খান তার অভিযোগে বলেছেন, জনসভায় জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। এ সময়ে তফসিলি জাতি, তফসিলি উপজাতি  এবং অনগ্রসর শ্রেণিগুলোকে বলা হয়েছিল দরিদ্র মুসলমানরা তাদের অধিকার কেড়ে নিচ্ছে। এর পাশাপাশি উর্দু ভাষা ও উর্দুভাষীদের বিরুদ্ধেও  অশালীন ভাষা ব্যবহার করা হয়। তিনি পুলিশের  কাছে দাবি করেন বান্দি সঞ্জয় কুমারের বিরুদ্ধে  ‘এফআইআর’  নথিভুক্ত করা হোক। দেরি হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি  দিয়েছেন। 

মজলিস বাঁচাও তেহরিক (এমবিটি) নেতা ও মুখপাত্র আমজেদ উল্লাহ খান

আজ (শুক্রবার) ‘আজতক’ হিন্দি গণমাধ্যম সূত্রে প্রকাশ, ভারতের মজলিশ-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে বলেছে, তেলেঙ্গানার ডিজিপিকে এই ধরনের ঘটনা রোধ করতে এবং তেলেঙ্গানার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ব্যবস্থা গ্রহণ করা উচিত। তেলেঙ্গানা কংগ্রেসের সংখ্যালঘু সেল রাজ্যের ৩৩টি জেলার সবগুলোতেই বিজেপি এমপি ও বিজেপির তেলেঙ্গানা রাজ্য শাখার সভাপতি বান্দি সঞ্জয় কুমারের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।   

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।