পশ্চিমবঙ্গের বীরভূমে ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত ‘অঙ্গনওয়াড়ি কেন্দ্র’
https://parstoday.ir/bn/news/india-i10945-পশ্চিমবঙ্গের_বীরভূমে_ভয়াবহ_বিস্ফোরণে_ধ্বংসস্তূপে_পরিণত_অঙ্গনওয়াড়ি_কেন্দ্র’
ভারতের পশ্চিমবঙ্গে এক ভয়াবহ বিস্ফোরণে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বীরভূম জেলার লোকপুর থানার ডাঙ্গালপাড়ায় এই বিস্ফোরণে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০২, ২০১৬ ০৭:৪০ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের বীরভূমে ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত ‘অঙ্গনওয়াড়ি কেন্দ্র’

ভারতের পশ্চিমবঙ্গে এক ভয়াবহ বিস্ফোরণে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বীরভূম জেলার লোকপুর থানার ডাঙ্গালপাড়ায় এই বিস্ফোরণে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতরাত প্রায় দুইটা নাগাদ সরকারি ‘সুসংহত শিশু বিকাশ পরিষেবা’র অন্তর্ভুক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই কেন্দ্রটির ছাদ এবং দেওয়াল সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। শক্তিশালী ওই বিস্ফোরণের তীব্রতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির দরজা-জানালার টুকরো প্রায় ১০০ মিটার দূরে ছিটকে গিয়ে পড়ে। বিস্ফোরণের জেরে পাশের একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয় এক বাসিন্দা আহত হয়েছেন।

গ্রামবাসীদের দাবি, ওই কেন্দ্রটির ভিতরে প্রচুর পরিমাণে মজুদ করে রাখা বোমা ফেটেই এই বিস্ফোরণ হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তেও অনুমান, কেন্দ্রটিতে বোমা অথবা বিস্ফোরক তৈরির মশলা মজুদ করে রাখা ছিল। বোমা বা বিস্ফোরক জাতীয় জিনিস ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেতরে কেন মজুদ করা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনার নেপথ্যে কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা অথবা কয়লা খাদান নিয়ন্ত্রণজনিত মাফিয়া যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। গ্রামবাসীরা এ ঘটনায় এনআইএ বা জাতীয় তদন্ত সংস্থাকে দিয়ে তদন্তের দাবিতে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। যদিও বিস্ফোরণের সঠিক কারণ জানতে ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল।

বীরভূমের লোকপুর থানার শিবপুরে গত ২৭ ফেব্রুয়ারি দীপক বাউড়ি নামে এক ব্যক্তির বাড়িতে কয়েকজন দুর্বৃত্ত বোমা তৈরি করার সময় আচমকা বিস্ফোরণ ঘটলে দীপক বাউড়ি নামে ওই ব্যক্তির বাড়ির একাংশ উড়ে যায়। এতে দুইজন নিহত হয়। এই ঘটনার তিন মাসের মাথায় একই থানা এলাকায় এবার বোমা বিস্ফোরণে উড়ে গেল সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। গত ২২ জানুয়ারি বীরভূমের খয়রাশোল থানার আহম্মদপুর গ্রামেও এক বাড়িতে বোমা বানাতে গিয়েও দুই জন নিহত হয়েছিল।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২