সংসদে বিরোধীদের তুমুল হট্টগোল, কংগ্রেসের ৪ এমপিকে সাসপেন্ড
https://parstoday.ir/bn/news/india-i111018-সংসদে_বিরোধীদের_তুমুল_হট্টগোল_কংগ্রেসের_৪_এমপিকে_সাসপেন্ড
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকভায় হট্টগোলের দায়ে প্রধান বিরোধীদল কংগ্রেসের মানিকম ঠাকুর, যথিমানি, রম্যা হরিদাস এবং টিএন প্রথাপন এমপিকে সাসপেন্ড করা হয়েছে। আজ (সোমবার) মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্ল্যাকার্ড প্রদর্শন করলে কংগ্রেসের ওই ৪ এমপিকে চলতি বর্ষাকালীন অধিবেশনের বাকি সময়কাল পর্যন্ত সাসপেন্ড করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৫, ২০২২ ১৫:৫১ Asia/Dhaka
  • সংসদে বিরোধীদের তুমুল হট্টগোল, কংগ্রেসের ৪ এমপিকে সাসপেন্ড

ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকভায় হট্টগোলের দায়ে প্রধান বিরোধীদল কংগ্রেসের মানিকম ঠাকুর, যথিমানি, রম্যা হরিদাস এবং টিএন প্রথাপন এমপিকে সাসপেন্ড করা হয়েছে। আজ (সোমবার) মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্ল্যাকার্ড প্রদর্শন করলে কংগ্রেসের ওই ৪ এমপিকে চলতি বর্ষাকালীন অধিবেশনের বাকি সময়কাল পর্যন্ত সাসপেন্ড করা হয়।

আজ অধিবেশনের কাজকর্ম শুরু হতেই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে সোচ্চার হন কংগ্রেস এমপিরা। এ সময়ে প্রথমে তাদের সতর্ক করেন স্পিকার ওম বিড়লা। তিনি  বলেন,  ‘আলোচনার জন্য আমি তৈরি। আমি চাই আলোচনা হোক। দুপুর ৩ টে থেকে আলোচনা হবে। কিন্তু প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে চাইলে সংসদের বাইরে যান।’ স্পিকারের নির্দেশের পর কংগ্রেসের ওই চার এমপি সংসদ চত্বরে অবস্থিত গান্ধীমূর্তির পাদদেশে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সম্পর্কে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মানুষের কথা বলছিলেন  আমাদের এমপিরা। তাদের কণ্ঠরোধ করল সরকার।’ স্পিকারের সিদ্ধান্তের সমালোচনা করে সোমবার লোকসভায় কংগ্রেসের সহকারী দলনেতা গৌরব গগৈ বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার কংগ্রেস এমপিদের সাসপেন্ড করে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। এ ভাবে আমাদের ভয় পাইয়ে দেওয়া যাবে না। আমাদের ওই চার সাংসদের দোষ কী ছিল? তারা জনস্বার্থ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করার চেষ্টা করছিলেন!’ 

তিনি বলেন,  গত ছ’দিন ধরে কংগ্রেস এমপিরা লোকসভায় মূল্যবৃদ্ধির বিষয়ে আলোচনার দাবি জানিয়েছে। গ্যাসের দাম বৃদ্ধি,  খাদ্যপণ্যে জিএসটি বৃদ্ধির বিরুদ্ধে বিতর্ক চেয়ে মুলতবি প্রস্তাবের নোটিশ দিয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদি সরকার আলোচনায় রাজি হয়নি। 

আজ কংগ্রেস এমপিরা হাতে প্ল্যাকার্ড নিয়ে সংসদে প্রবেশ করলে তাতে আপত্তি  জানান সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। বিষয়টি তিনি স্পিকারের নজরে আনেন। এরপরই তৎপর হন স্পিকার ওম বিড়লা।

স্পিকার বলেন,  ‘দেশের মানুষ চায় সংসদ চলুক। কিন্তু এটা এ ভাবে চলতে পারে না। সংসদের ভিতরে এমন পরিস্থিতি চলতে দেবো না আমি।’  

আজ সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভায় বিরোধী এমপিরা বিভিন্ন ইস্যুতে তুমুল হট্টগোল করায় অধিবেশনের কাজকর্ম বেশ কয়েক দফায় মুলতুবি হয়ে যায়। বিরোধী এমপিরা ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর ‘জিএসটি’  ইস্যুতে প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে তোলপাড় সৃষ্টি করছেন। তাদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে আসুন এবং এ সব বিষয়ে তাদের কথা শুনুন। বিরোধীরা একনাগাড়ে মূল্যস্ফীতি ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে আসছে। গত ১৮ জুলাই থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে, চলবে ১২ আগস্ট পর্যন্ত। কিন্তু বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হট্টগোলের কারণে সংসদের কাজকর্ম ক্রমাগত ব্যাহত হচ্ছে।#

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার /২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।