বিজেপির ওয়াশিং মেশিনে সমস্ত পাপ মুছে যায় : সুপ্রিয়া শ্রীনাতে
-
সুপ্রিয়া শ্রীনাতে
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, বিজেপির ওয়াশিং মেশিনে সমস্ত পাপ, সমস্ত দাগ ধুয়ে মুছে যায়।
আবগারি নীতি মামলায় গতকাল (শুক্রবার) দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়ার বাসভবনে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই। একই সময়ে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ‘নিউইয়র্ক টাইমস’-এ প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে সিসোদিয়ার পক্ষে সাফাই দিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন।
ওই বিষয়ে একটি টেলিভিশন বিতর্ক চলাকালীন কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বিজেপি নেতা ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে টার্গেট করে বলেন, হিমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’র তদন্ত চলছিল, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে ফাইলটি বন্ধ করে দেওয়া হয়েছে। সুপ্রিয়া শ্রীনাতে বলেন, ‘বিজেপির এমন একটি ‘ওয়াশিং মেশিন’ রয়েছে, এমন একটি গঙ্গা প্রবাহিত হচ্ছে যাতে সার্ফ এক্সেল দিয়ে সমস্ত পাপ, সমস্ত দাগ ধুয়ে যাবে। ইয়েদুরাপ্পাজীকে নিয়ে ‘ইডি’, ‘সিবিআই’তদন্ত চলছিল, কিন্তু এখন গডকরিজীকে সরিয়ে ইয়েদুরাপ্পাকে সংসদীয় বোর্ডে আনা হবে। হিমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে ইডির তদন্ত চলছিল, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই ফাইল বন্ধ, মুখ বন্ধ।’
কংগ্রেসের মুখপাত্র আরও বলেছেন, ‘মুকুল রায় তাদের সাথে (দলে) এলে ফাইল বন্ধ হয়ে যায়, তিনি চলে গেলে ফাইলটি আবার খোলা হয়। এ রকম কত নাম আমি গণনা করতে পারি? আপনি যখন বিজেপিতে যোগ দেবেন, সমস্ত পাপ, দাগ ধুয়ে, পুণ্য-প্রতাপে গঙ্গায় স্নান করে, এসে তাদের কোলে বসবেন।আপনি যদি তাদের (বিজেপির) বিরুদ্ধে কথা বলেন, তাহলে সেটা যে এজেন্সিই হোক, ‘ইডি’, ‘সিবিআই’ বা ইনকাম ট্যাক্স তদন্ত হবে। এগুলো সব তাদের নতুন ফ্রন্টাল।
সুপ্রিয়া শ্রীনাতে আরও বলেন, বিরোধীদের বিরুদ্ধে এজেন্সির অপব্যবহারের নতুন মাপকাঠি তৈরি করছে বিজেপি। তারা যদি মনে করে এটাই শাসনের মডেল, তাহলে সেটাই সঠিক। সবাইকে আপনাদের আসল চরিত্র দেখান।
অন্যদিকে, বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী এমপি, সুপ্রিয়া শ্রীনাতের অভিযোগের প্রতিক্রিয়ায় বলেন, ‘ইয়েদুরাপ্পার বিরুদ্ধে মামলা হয়েছিল ২০১১ সালে যখন তারা সরকারে ছিলেন, আমরা তা সত্ত্বেও তার পদত্যাগ নিয়েছিলাম এবং নির্বাচনে এ জন্য ভারী মূল্য দিতে হয়েছিল। তার বিরুদ্ধে সব মামলা শেষ হয়ে গেলে তিনি ফিরে আসেন, বর্তমানে তার বিরুদ্ধে একটিও মামলা নেই’ বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।