বিজেপি একটা বিরোধী মুক্ত ভারত গড়তে চায়: সৌগত রায়
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বিজেপিকে নিশানা করে বলেছেন, ‘বিজেপি একটা বিরোধী মুক্ত ভারত গড়তে চায়।’ তিনি আজ (বুধবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আস্থা ভোটের দিন মহাজোটের প্রধান শরীক দল ‘আরজেডি’ নেতাদের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’। সিবিআই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন হওয়ায় বিরোধীরা ওই ঘটনার তীব্র সমালোচনা করেছেন।
জেডিইউ নেতা নীতিশ কুমার সম্প্রতি বিজেপি’র সঙ্গে ‘এনডিএ’ জোট ও সরকার ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। এরপরেই তিনি বিজেপিকে বাদ দিয়ে আরজেডি, কংগ্রেস ও অন্যদের সঙ্গে নতুনভাবে ‘মহাজোট’ সরকার গঠন করেন।
বিহারে ‘আরজেডি’ নেতাদের বিভিন ঠিকানায় সিবিআই তল্লাশি প্রসঙ্গে আজ তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বিজেপিকে নিশানা করে বলেন, ‘যেখানে ওদের বিরোধিতা হচ্ছে, সেখানে ওরা সিবিআই-ইডিকে ব্যবহার করে আক্রমণ করছে। মহারাষ্ট্রে হয়েছিল, পশ্চিমবাংলায় হয়েছে, দিল্লিতে হল, এখন বিহারে হচ্ছে। এটাই চলতে থাকবে। হয় ওদের কাছে বশ্যতা স্বীকার করতে হবে, অন্যথায় সিবিআই-এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিয়ে রেইড হবে।’
এ প্রসঙ্গে বিজেপি নেতা অমিত মালব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, ‘আরজেডি প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। এজেন্সিগুলোকে তারা দোষারোপ করতে পারে না। জমির বদলে চাকরি মামলায় লালুপ্রসাদ ও তার পরিবারের সদস্যরা অভিযুক্ত। ৩ মাস আগেই অভিযোগ জানানো হয়। লালুপ্রসাদের ঘনিষ্ঠ ভোলা যাদবকে গতমাসে গ্রেফতার করা হয়েছে। যেমন কর্ম তার তেমন ফল।'
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের দলের রাজ্যসভা এমপি আশফাক করিম, বিধান পরিষদের সদস্য ও দলের কোষাধক্ষ্য সুনীল সিংহ এবং বিধান পরিষদের সাবেক সদস্য সুবোধ রাইয়ের ঠিকানায় আজ বুধবার তল্লাশি হয়েছে।
জমির বিনিময়ে সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় লালুপ্রসাদ যাদব ঘনিষ্ঠ ভোলা যাদবকে আগেই গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’। কিন্তু বিরোধীদের পক্ষ থেকে সিবিআইয়ের এই সক্রিয়তাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।