টি রাজা সিংয়ের জামিন নিয়ে তুমুল বিক্ষোভ, উত্তাল হায়দরাবাদে রাতভর ব্যাপক হট্টগোল
https://parstoday.ir/bn/news/india-i112358-টি_রাজা_সিংয়ের_জামিন_নিয়ে_তুমুল_বিক্ষোভ_উত্তাল_হায়দরাবাদে_রাতভর_ব্যাপক_হট্টগোল
মহানবী হজরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের সঙ্গে জড়িত তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ায় মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৪, ২০২২ ১৬:৪৪ Asia/Dhaka
  • টি রাজা সিংয়ের জামিন নিয়ে তুমুল বিক্ষোভ, উত্তাল হায়দরাবাদে রাতভর ব্যাপক হট্টগোল

মহানবী হজরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের সঙ্গে জড়িত তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ায় মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গতকাল (মঙ্গলবার) পুলিশ তাকে গ্রেফতার করেছিল। কিন্তু এর কয়েক ঘণ্টা পরে তাকে স্থানীয় একটি আদালতে পেশ করা হলে তিনি সেখান থেকে জামিনে মুক্তি পান। এরপর থেকে মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং অভিযুক্ত ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ চলছে।

গতকাল (মঙ্গলবার) দিবাগত গভীর রাত পর্যন্ত হায়দরাবাদের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলেছে এবং রাতে কয়েক হাজার জনতা সড়কে নেমে প্রতিবাদ বিক্ষোভে শামিল হন। পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু প্রতিবাদী জনতার বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা বলেন, টি রাজা সিংকে পুলিশ হেফাজত থেকে মুক্তি দেওয়া ভুল।

এর আগে মঙ্গলবার, হায়দরাবাদে ওই ইস্যুতে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং বিজেপি বিধায়ক টি রাজা সিং সম্পর্কে হিংসাত্মক স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে চারমিনারে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয় এবং তারা  টি রাজা সিংকে ফাঁসি দেওয়ার দাবি জানায়। অনেক জায়গায় টি রাজা সিংয়ের কুশপুত্তলিকাও পোড়ানো হয়েছে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ এ সময়ে লাঠিচার্জ করে। বিক্ষোভকারী জনতার হাতে কালো পতাকা ছিল এবং কিছু লোক জাতীয় পতাকাও বহন করেছিল। চারমিনার, গুলজার হাউজ এবং ভাট্টপল্লী এলাকায় সহিংস বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশের দু’টি গাড়ি ও একটি ট্যাক্সি ভাঙচুর হয়।  

‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদ উঁদ্দিন ওয়াইসির বিধায়ক আহমেদ বালালা রাত পৌনে তিনটা নাগাদ বিক্ষোভকারীদের কাছে পৌঁছান। তিনি পুলিশের কাছে দাবি জানান, টি রাজা সিংকে আপাতত হেফাজতে রাখতে হবে। এদিকে প্রশাসনিক কর্মকর্তারা জনগণকে বোঝাতে ব্যস্ত রয়েছেন এবং উত্তপ্ত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে বিজেপি যুব মোর্চা নেতা লাড্ডু যাদবের বাসভবনের সামনেও প্রচুর বাহিনী মোতায়েন করা হয়েছে।    

জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা মাহমুদ মদনি বিজেপি বিধায়ক টি রাজা সিংয়ের মন্তব্যকে ‘অত্যন্ত লজ্জাজনক’ এবং ‘বিস্ময়কর’ বলে অভিহিত করেছেন। তিনি  একটি বিবৃতিতে বলেন, সময়ের প্রয়োজন ছিল টি রাজা সিংকে গ্রেফতার করা এবং তার বিরুদ্ধে বিজেপির শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। তবে,  তিনি বলেন, এটি যথেষ্ট নয় এবং এই ধরনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।   

তিনি আরও বলেন, আমরা ধর্মীয় ব্যক্তিত্বদের পবিত্রতা রক্ষায় আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। তিনি জনগণকে শান্তি বজায় রাখার এবং আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান জানান। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের (এআইএমপিএলবি) সাধারণ সম্পাদক  মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি বলেছেন, ‘ইসলামের পবিত্র নবীর (সা.) ব্যক্তিত্ব সমস্ত মুসলমানদের কাছে প্রিয়,  এমনকি তাদের নিজের এবং তাদের সন্তানদের অস্তিত্বের চেয়েও বেশি। তার সম্পর্কে অবমাননাকর কথা মুসলমানদের জন্য অসহনীয় কিন্তু দুর্ভাগ্যবশত সাম্প্রদায়িক নেতারা মুসলমানদের অনুভূতিতে আঘাত করার জন্য নবী (সা.)-এঁর বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। যার সর্বশেষ উদাহরণ হল হায়দরাবাদের বিজেপি নেতা টি রাজা সিং-এর লজ্জাজনক বক্তব্য।  

তিনি আরও বলেন, ‘সরকারের উচিত এই ধরনের দুষ্কৃতীদের লাগাম টেনে ধরা। এ সংক্রান্ত কার্যকর আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনগুলোকে পূর্ণ শক্তি দিয়ে প্রয়োগ করা।’

মুসলমানদের ধৈর্য ধরার আবেদনের পাশাপাশি এই ধরনের অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকারকে আইনের শক্তি ব্যবহার করতে বলেছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের (এআইএমপিএলবি) সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি।#

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।