মমতা বন্দ্যোপাধ্যায় বললেন
'দুর্গাপুজোয় গান্ধীজিকে যারা ‘অসুর’ বানিয়েছিল জনতা তাদের শাস্তি দেবে'
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ববাদী বিজেপি এবং অন্যদের নিশানা করে বলেছেন, দুর্গাপুজোয় গান্ধীজিকে যারা ‘অসুর’ বানিয়েছিল জনগণ তাদের শাস্তি দেবে।
আজ (বৃহস্পতিবার) কোলকাতার আলীপুরের ‘উত্তীর্ণ’ স্টেডিয়ামে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখার সময়ে মুখ্যমন্ত্রী ওই মন্তব্য করেন।
মমতা বলেন, ‘যারা কথায় কথায় বলে, মমতাজী দুর্গাপুজো করতে দেয় না, সরস্বতী পুজো করতে দেয় না, কিন্তু আপনারা তো মা দুর্গার নামে যে পুজো করেছেন সেখানে গান্ধীজিকে ‘অসুর’ বানিয়ে দিলেন! এজন্য আপনাদের কী শাস্তি হওয়া উচিত? আমরা শাস্তি দেবো না, সাধারণ মানুষই আপনাদের শাস্তি দেবে। এটা খুব লজ্জার বিষয়! আমরা জানতেই পারিনি, অন্ধকারে কাজ করেছিল। শেষমেশ গান্ধীজিকে ‘অসুর’ হিসেবে উপস্থাপন করা হল! মা দুর্গা গান্ধীজিকে ত্রিশূল বিদ্ধ করছিলেন! যখন বিষয়টি আমাদের নজরে এসেছিল, পুলিশ দ্রুত সেটি সরিয়ে এবং আসল যে অসুর বা দানব তা স্থাপন করেছিল।’
সম্প্রতি কোলকাতার কসবার রুবি পার্কে হিন্দু মহাসভা আয়োজিত দুর্গাপুজো প্যান্ডেলে যে প্রতিমা স্থাপন করা হয়েছিল সেখানে দেখা যায় দুর্গার হাতে বধ হচ্ছেন মহিষাসুর নয়, গান্ধীজি! ওই ঘটনায় তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু মহাসভা’। পরে অসুরের প্রতিকৃতি বদলে ফেলা হয়। তার মূর্তিতে গোঁফ ও মাথায় চুল পরিয়ে অসুরের চেহারা দেওয়ার চেষ্টা হয়। খুলে নেওয়া হয় কথিত গান্ধী মূর্তি থেকে চশমাও। কিন্তু সমালোচনা পিছু ছাড়েনি। সেই ইস্যুতে এবার মুখ খুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ববাদীদের সমালোচনায় সোচ্চার হলেন।
বিজেপিকে টার্গেট করে মমতা বলেন, ‘আপনারা ক্ষমতায় বসে অনেক তদন্তকারী এজেন্সি দেখাচ্ছেন। আগামীতে যখন আপনারা ক্ষমতায় থাকবেন না, তখন আপনাদের বাসায় এজেন্সি যেয়ে আপনাদের দুই কান মলে দেবে। এজন্য তৈরি থাকুন’ বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।