ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় সভাপতি নির্বাচিত হলেন মল্লিকার্জুন খাড়গে
https://parstoday.ir/bn/news/india-i114710-ভারতের_প্রধান_বিরোধী_দল_কংগ্রেসের_জাতীয়_সভাপতি_নির্বাচিত_হলেন_মল্লিকার্জুন_খাড়গে
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে দলটির নতুন জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৯, ২০২২ ১৫:০৯ Asia/Dhaka
  •  কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে
    কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খাড়গে দলটির নতুন জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন।

প্রায় ২৪ বছর পর গান্ধী পরিবারের বাইরের একজন নেতা দেশের প্রাচীনতম  দলটির সভাপতি নির্বাচিত হলেন। ১৭ অক্টোবর কংগ্রেস সভাপতি পদে ভোটগ্রহণ হয়। আজ (বুধবার) ফল ঘোষণা হয়েছে। এবার প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল দলের সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়গে এবং শশী থারুরের মধ্যে। এতে শশী থারুরকে পরাজিত করতে সফল হয়েছেন মল্লিকার্জুন খাড়গে।  

কংগ্রেস সভাপতি নির্বাচনের জন্য মোট ৯ হাজার ৩৮৫টি ভোট দেওয়া হয়েছিল, যার মধ্যে ৪১৬টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল। মল্লিকার্জুন খাড়গে ৮,৯৬৯ টি বৈধ ভোটের মধ্যে ৭,৮৯৭ ভোট পেয়েছেন, আর শশী থারুর ভোট পেয়েছেন ১ হাজার ৭২ টি ভোট। এবারের নির্বাচনের বিশেষ বিষয় হল গান্ধী পরিবারের কেউ প্রার্থী হননি। আসলে, গান্ধী পরিবারই দেশের স্বাধীনতার আগের এই  ঐতিহাসিক দলের প্রায়শই নেতৃত্ব গ্রহণ করেছে। এবার নির্বাচনে শেষ মুহূর্তে নির্বাচনী মাঠে নেমেছিলেন মল্লিকার্জুন খাড়গে।   

মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস পার্টির দ্বিতীয় দলিত সভাপতি। ৮০ বছর বয়সী মল্লিকার্জুন খাড়গে, বাবু জগজীবন রামের পরে দলের দ্বিতীয় দলিত সভাপতি হলেন। বাবু জগজীবন রাম ৫০ বছর আগে ১৯৭০ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত একজন দলিত সভাপতি হিসেবে এই পদে ছিলেন। দক্ষিণাঞ্চলীয় রাজ্য  কর্ণাটকের বাসিন্দা, দলের একজন গুরুত্বপূর্ণ দলিত নেতা হিসেবে মল্লিকার্জুন খাড়গের একটি আলাদা পরিচয় রয়েছে। এ রাজ্যে দলকে শক্তিশালী করতে তিনি কোনো চেষ্টার ত্রুটি রাখেননি।    

দলীয় সভাপতি নির্বাচনে পরাজিত প্রার্থী শশী থারুর বলেছেন, ‘কংগ্রেসের সভাপতি হওয়া অত্যন্ত গর্বের বিষয়, মহান দায়িত্ব, এই নির্বাচনে সাফল্যের জন্য আমি মল্লিকার্জুন খাড়গেকে অভিনন্দন জানাই। চূড়ান্ত রায় খাড়গের পক্ষে ছিল, কংগ্রেস নির্বাচনে তার জয়ের জন্য আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই৷’  কংগ্রেস দলের ১৩৭ বছরের ইতিহাসে ষষ্ঠবারের মতো সভাপতি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের মতে, ১৯৩৯, ১৯৫০, ১৯৭৭, ১৯৯৭ এবং ২০০০ সালে সভাপতি পদের নির্বাচন হয়েছে। ২২ বছর পর এবার সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।    

দলের সভাপতির পদ ঘোষণার কিছুক্ষণ পরেই, কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী তার কন্যা ও দলীয় মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে খাড়গের বাসায় পৌঁছে তাকে অভিনন্দন জানান। এছাড়া সাবেক সভাপতি রাহুল গান্ধী ও অন্যরা তাকে স্বাগত জানিয়েছেন। #

 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।