কিছু দেশ তাদের পররাষ্ট্রনীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদকে সমর্থন করে: মোদী
-
নরেন্দ্র মোদি (ফাইল ফটো)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কিছু দেশ তাদের পররাষ্ট্রনীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদকে সমর্থন করে, আবার কিছু দেশ পরোক্ষভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ বন্ধ করার চেষ্টা করে।
তিনি আজ (শুক্রবার) দিল্লিতে ‘নো মানি ফর টেরর’ (এনএমএফটি) শীর্ষক আলোচনাচক্রে ওই মন্তব্য করেন। একইসঙ্গে তিনি বলেন, ‘সন্ত্রাসের প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রেই সমতুল ক্রোধ এবং প্রত্যাঘাত প্রয়োজন।’
'নো মানি ফর টেরর' প্রতিপাদ্যের ওপর সন্ত্রাসবাদে অর্থায়নবিরোধী তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘সন্ত্রাসীদের প্রতি সহানুভূতি তৈরি করতে চাচ্ছে এমন সংগঠন ও ব্যক্তিদেরও বিচ্ছিন্ন করা দরকার।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এটা সর্বজনবিদিত যে সন্ত্রাসী সংগঠনগুলো অনেক উৎস থেকে অর্থ পায়। একটি উৎস একটি দেশ থেকে সাহায্য। কিছু দেশ তাদের পররাষ্ট্রনীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদকে সমর্থন করে। তারা তাদের রাজনৈতিক, আদর্শিক ও আর্থিক সহায়তা দিয়ে থাকে। আন্তর্জাতিক সংস্থাগুলোর ভাবা উচিত নয় যে, যুদ্ধ না হলে এর মানে শান্তি। প্রক্সি যুদ্ধগুলোও বিপজ্জনক এবং সহিংস হয়।’
তিনি বলেন, সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলতে হলে চাই বৃহত্তর, সক্রিয়, পদ্ধতিগত পদক্ষেপ গ্রহণ। নাগরিকদের নিরাপদে রাখতে চাইলে কবে আমাদের ঘরে জঙ্গিরা ঢুকে পড়বে সেজন্য অপেক্ষা করে লাভ নেই। আমাদেরই জঙ্গিদের পিছু নিতে হবে, তাদের সমস্ত নেটওয়ার্ককে ভেঙে দিতে হবে। এবং তাদের অর্থের জোগান বন্ধ করতে হবে। আজকের বিশ্বে কাউকে আর আলাদা করে সন্ত্রাসবাদ নিয়ে কিছু বলার নেই। কিন্তু এটা নিয়ে অনেকের মধ্যেই কিছু কিছু ভুল ধারণা কাজ করে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। #
পার্সটুডে/এমএএইচ/এমএআর//১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।