পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে উৎখাত করা হবে: বিজেপি সভাপতি
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য ক্ষমতাসীন তৃণমূল সরকারকে উৎখাত করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আজ (শুক্রবার) দলীয় একটি সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
রাজ্যের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে আজ ব্যারাকপুর কমিশনারেট অভিযান নামে বিজেপি। ব্যারাকপুর স্টেশন থেকে চিড়িয়া মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ব্যারাকপুর কমিশনারেট অভিযান কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে রাজ্যের শাসক দল তৃণমূলের সমালোচনায় সোচ্চার হন সুকান্ত বাবু।
তিনি রাজ্যে মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগ করে বলেন, ‘রামায়ণে, মহাভারতে বার বার বলা হয়েছে, যেখানে মহিলাদের উপরে অত্যাচার হয়েছে সেখানকার শাসক ভূপতিত হয়েছে, সেই শাসক সেখান থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে, সেই সরকার একের পর এক সম্পদ বিক্রি করে দিচ্ছে, লুট করছে। সেই চোরেদের সরকারকে আমরা কয়েক বছরের মধ্যে উৎখাত করে ফেলব। বেশিদিন আর সময় নেই। ২০২৪ সালে লোকসভা নির্বাচন আসছে, এ সময়ে লোকসভা ও বিধানসভা নির্বাচন যদি একইসাথে হয় তাহলে আশ্চর্য হব না। এজন্য কোমর বেধে লড়াইয়ের জন্য তৈরি থাকুন।’
বিজেপি নেতা সুকান্ত মজুমদার আরও বলেন, ভাটপাড়া এখন বোমার জন্য বিখ্যাত। নির্বাচন পরবর্তী সহিংস মামলায় তৃণমূলের ৩০০ নেতা জেলে। কেউ সন্ত্রাস করে পার পাবে না বলেও মন্তব্য করেন সুকান্ত মজুমদার।#
পার্সটুডে/এমএএইচ/এমএআর/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।