পঞ্চায়েতগুলো বড় চোরের আখড়া হয়েছে’-দিলীপ, ‘ওনাকে গ্রেফতার করা উচিত’ -জয়প্রকাশ
ভারতে বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এমপি পশ্চিমবঙ্গে পঞ্চায়েতগুলো সবচেয়ে বড় চোরের আখড়া হয়েছে বলে মন্তব্য করেছেন।
তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগরে দলীয় এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘কেন্দ্রীয় সরকারের টাকা পঞ্চায়েতে আসবে আর সেখান থেকে খরচ হবে। কিন্তু মাঝ পথে লুট হয়ে যায়। সেই পঞ্চায়েতগুলো এখন সবচেয়ে বড় চোরের আখড়া হয়েছে। সবচেয়ে বড় লুটের রাজত্ব হয়েছে। আর যাদের মাধ্যমে টাকা আসে, সেই ‘বিডিও’ সব চেয়ে বড় ডাকাত। সন্ধ্যা হলে ডাকাতদের সঙ্গে ফিস্ট করে। আমরা সারা বাংলায় প্রায় ৪০০টা বিডিও অফিস আমরা ঘেরাও শুরু করেছি। এই জেলাতেও করতে হবে। সব বিডিও অফিস ঘেরাও করতে হবে। ওটা হচ্ছে ঘুঘুর বাসা। সন্ধ্যা হলে টিএমসি লিডার আর বিডিও মিলে ভাগবাটোয়ারা করে। একশো দিনের প্রকল্পের কাজের টাকা কত মারা হবে, কার বাড়ির টাকা নেওয়া হবে, কোন ব্যাটা টাকা দেয়নি তার নাম কেটে অন্য লোককে দেওয়া হবে, যে টাকা দেবে।’
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘এরকম একজন এমপি যিনি সংবিধানের শপথ নিয়েছেন, তিনিই আবার ভারতের প্রশাসন ব্যবস্থাকে ভেঙে দেওয়ার কথা বলছেন, সহিংসতার কথা বলছেন, এটা তো হতে পারে না। নিয়ম অনুযায়ী ওনার বিরুদ্ধে এফআইআর করে ওনাকে গ্রেফতার করা উচিত। ওনার আরেক নেতা ড. সুভাষ সরকার বলেছেন, গ্রামে গেলে পেটানোর কথা। এভাবে সমস্ত জায়গায় এরা সহিংসতার উদ্রেক করতে চাচ্ছে, শাসন ব্যবস্থা ভেঙে দিতে চাচ্ছে, আইনের শাসন যাতে না চলে। বিডিওরা সরকারি কর্মচারী, তাদের ওপর এত রাগ কেন এদের?’ ‘এটা একটা অসামাজিক, অনৈতিক, অবৈধ, বেআইনি এবং অসামাজিক প্রক্রিয়া তৈরি করতে চাচ্ছেন দিলীপ ঘোষ, আমি ঘোরতর নিন্দা করছি ওনার’ বলেও মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।