তৃণমূলকে 'তোলামূল' বলে কটাক্ষ করলেন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী
-
শুভেন্দু অধিকারী
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সমালোচনা করে বলেছেন, এই চোরেদের বিরুদ্ধে সংগ্রামে সফল হতে গেলে আপনাদেরকে একটা আদর্শের জন্য লড়াই করতে হবে।
রাজ্যে শাসকদলের সন্ত্রাস, দুর্নীতি ও একনায়কতন্ত্রের অভিযোগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বাকুড়া জেলায় বড়জোড়া হাইস্কুল মাঠে এক প্রতিবাদ সভায় তিনি আজ (শুক্রবার) বিকেলে ওই মন্তব্য করেন।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে দুর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এসময়ে তিনি তৃণমূলকে কটাক্ষ করে ‘তোলামূল’ বলে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি রাজ্যে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে দলীয় নেতা-কর্মীদের প্রত্যেকটা বুথ গেরুয়াময় করে তোলার পাশাপাশি রাজ্যে বিজেপি সরকার গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানিয়েছেন।
বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে চোর হটাও, তোলামূল হটাও, পশ্চিমবঙ্গ বাঁচাও। রাষ্ট্রবাদী সরকার, ডাবল ইঞ্জিন সরকার (কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার) মোদীজির সরকার পশ্চিমবঙ্গে তৈরি করার লক্ষ্য নিয়ে সর্বস্তরের মানুষকে, দেশপ্রেমী মানুষকে, ‘সনাতনী সংস্কৃতিতে আস্থা’ রাখা মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘নির্বাচনী বুথগুলোকে দুর্গ বানাবেন। আর যদি চটি পরা পুলিশ গিয়ে আপনার বুথ লুট করায়, বাইক বাহিনী দিয়ে লুট করায়, ধরবেন বক্স (ভোট বাক্স) ফেলবেন পুকুরে। তোমারও নেই, আমারও নেই। এবারের পঞ্চায়েত নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার, ডু অর ডাই লড়াই বলেও মন্তব্য করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।#
পার্সটুডে/এমএএইচ/এমএআর/১৩