অভিষেকের স্ত্রীকে দুবাই যেতে বাধা অভিবাসন দফতরের, ‘ইডি’র তলব
https://parstoday.ir/bn/news/india-i124048-অভিষেকের_স্ত্রীকে_দুবাই_যেতে_বাধা_অভিবাসন_দফতরের_ইডি’র_তলব
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি’র স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে দুবাই যেতে বাধা দিয়েছেন অভিবাসন দফতরের কর্মীরা। অন্যদিকে, কয়লা পাচার মামলায় রুজিরাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০৫, ২০২৩ ১৪:২৬ Asia/Dhaka
  • রুজিরা নারুলা
    রুজিরা নারুলা

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি’র স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে দুবাই যেতে বাধা দিয়েছেন অভিবাসন দফতরের কর্মীরা। অন্যদিকে, কয়লা পাচার মামলায় রুজিরাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ইডি সূত্রে খবর, আগামী (বৃহস্পতিবার) সকাল ১১টায় তাকে তদন্তকারী সংস্থার দফতর, সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। আজ (সোমবার) সকালে কোলকাতা বিমানবন্দরে রুজিরাকে আটকায় অভিবাসন দফতরের কর্মীরা। 

জানা গেছে, দুই সন্তানকে নিয়ে তিনি দুবাইয়ের বিমান ধরার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু বিমান ধরার আগেই তাকে বাধা দেন অভিবাসন দফতরের কর্মীরা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা।

অভিবাসন দফতর সূত্রের খবর, ইডির একটি মামলায় ‘লুক আউট’ নোটিস জারি হয়েছে  রুজিরার নামে। সেজন্য তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে বলে দাবি ইডির। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ইডির ওই মামলায় সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়ে জানিয়েছিল, তাদের বিদেশ সফরের ক্ষেত্রে কোনও বাধা নেই। তা সত্ত্বেও রুজিরাকে বিমানবন্দরে বাধা দেওয়ার বিরুদ্ধে অভিষেক আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন বলে খবর।

এ প্রসঙ্গে আজ পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপিকে নিশানা করে বলেন,  ‘রাজনীতিতে না পেরে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ নয়, যারা ব্যক্তিগতভাবে না পেরে তার স্ত্রী ও পরিবারকে হেনস্থা করে নেতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করে তারা কাপুরুষ শুধু নয়, রাজনৈতিক ভাবে সম্পূর্ণ দেউলিয়া। যে পদ্ধতিতে একটা নেতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরবাড়ি ছেড়ে একটা রাজনৈতিক কর্মসূচিতে রয়েছেন এবং সেই কর্মসূচিতে এত জনজোয়ার হচ্ছে যে ভীত সন্ত্রস্ত বিজেপি-সিপিএম-কংগ্রেস অন্যভাবে কলুষিত করতে নামছে।’

তিনি আরও বলেন, ‘কোনও দরকারে কেউ কোথাও যেতেই পারে। কিন্তু রাজনীতিতে না পেরে অন্য শক্তি ব্যবহার করে এজেন্সির অন্য শক্তির অপব্যবহার করে কালিমালিপ্ত করার জন্য যে ধরণের কাণ্ড করা হচ্ছে সেগুলো তাদের রাজনৈতিক দেউলিয়াপনার প্রকাশ।’    

অন্যদিকে, বিজেপি নেতা ও মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেছেন, এখানে প্রতিহিংসা কী করে হবে? যদি তাকে অন্যায়ভাবে আটকায় তাহলে নিঃসন্দেহে বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। তিনি তো কোনও সাধারণ মহিলা নন, তার পরিবারের অসামান্যতা সর্বজনবিদিত’ বলেও কটাক্ষ করেন রাজ্য বিজেপি নেতা শমিক ভট্টাচার্য।#   

পার্সটুডে/এমএএইচ/এমএআর/৫