পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের এক মনোনয়ন-প্রার্থী নিহত, আহত ২
https://parstoday.ir/bn/news/india-i124460-পশ্চিমবঙ্গে_পঞ্চায়েত_নির্বাচনের_এক_মনোনয়ন_প্রার্থী_নিহত_আহত_২
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় বিডিও অফিসে মিছিল করে মনোনয়ন-পত্র জমা দিতে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুন ১৫, ২০২৩ ১৬:৪৭ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের এক মনোনয়ন-প্রার্থী নিহত, আহত ২

পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় বিডিও অফিসে মিছিল করে মনোনয়ন-পত্র জমা দিতে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

আজ (বৃহস্পতিবার) গুলিবিদ্ধ অবস্থায় তিন জনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।  

জানা গেছে, আজ বাম ও কংগ্রেস প্রার্থীরা মিছিল করে চোপড়ায় বিডিও অফিসে মনোনয়ন-পত্র জমা দিতে যাচ্ছিলেন। পথে কাঁঠালবাড়ি কলোনি এলাকায় আচমকা মিছিলের উপর গুলিবর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে ছত্রভঙ্গ হয়ে যান মনোনয়ন-পত্র জমা দিতে যাওয়া বিরোধী প্রার্থীরা। তৃণমূল আশ্রিত দুর্বৃত্তরা মিছিল লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

তৃণমূলের পক্ষ থেকে অবশ্য ওই অভিযোগ অস্বীকার করে এটা বামেদের অভ্যন্তরীণ গোলযোগের ফল বলে মন্তব্য করা হয়েছে। তৃণমূলের চোপড়ার বিধায়ক হামিদুল রহমান এতে দলের কোনও যোগ নেই বলে জানিয়েছেন। তার দাবি, বামেদের নিজেদের মধ্যে গোলমালের জেরেই এই ঘটনা ঘটেছে।ওই ইস্যুতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘এটাই বাংলার আসল চেহারা।  নির্বাচন কমিশন দেখেও কিছু করছে না।’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ঘটনার তীব্র নিন্দা করে বলেন, ‘অশান্তির শুরু হয়েছিল আগেই। চোপড়ায় এর আগেও কংগ্রেস নেতাদের অপহরণ করা হয়। একটি স্কুলে আটকে রাখা হয়। তৃণমূলই অশান্তিতে নেতৃত্ব দিচ্ছে। আমি চিঠি লিখে আগেই অশান্তির আশঙ্কার কথা জানিয়েছি। পুলিশ বিড়ালকে যদি মাছ পাহারা দিতে দেয়, তাতে যা হওয়ার তাই হচ্ছে।’

অন্যদিকে, চোপড়ায় গুলিবর্ষণের ঘটনায় ২ জন নিহত হয়েছেন বলে সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ওই ঘটনার পর সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক  মুহাম্মদ সেলিম প্রতিক্রিয়ায় বলেন, ‘চোপড়ায় মনোনয়ন দিতে যাওয়ার পথে বাম-কংগ্রেস এর মিছিলের ওপর একদিকে তৃণমূল গুণ্ডাদের এলোপাথাড়ি গুলিবর্ষণ ও অন্যদিক থেকে পুলিশের কাঁদানে গ্যাস ছুঁড়ে আমাদের কর্মীদের নিহত ও আহত করার বিরুদ্ধে সর্বত্র আজই প্রতিবাদ ধ্বনিত হোক। কোলকাতাসহ রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের অপদার্থতা ও পুলিশ প্রশাসনের একাংশের দলদাসে ভূমিকার বিরুদ্ধে লড়াকু কমরেডদের প্রতি কুর্নিশ জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করতে হবে’ বলেও মন্তব্য করেছেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম।#

পার্সটুডে/এমএএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।