'দেশে আজ মূল্যস্ফীতি চরমে'
বিজেপির নীতিমালা কেবল ধনীদের উন্নীত করা: প্রিয়াঙ্কা গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপিকে টার্গেট করে বলেছেন, বিজেপির নীতিমালা শুধুমাত্র ধনীদের উন্নীত করার জন্য। দরিদ্র ও মধ্যবিত্তের জন্য তাদের কিছুই নেই।
তিনি আজ (রোববার) রাজস্থানে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। প্রিয়াঙ্কা বলেন, পেট্রোল ও ডিজেলের ওপর কর আরোপ করে ৩২ লাখ কোটি টাকা খরচ করেছে মোদী সরকার। বড় বড় জমায়েতে যদি টাকা খরচ হয় তাহলে জনসাধারণের জন্য টাকা থাকবে কীভাবে?
তিনি রাজ্যে আসন্ন নির্বাচন উপলক্ষে বিজেপি সম্পর্কে জনগণকে সতর্ক করে দেন এবং একইসঙ্গে কংগ্রেস সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান। প্রিয়াঙ্কা গান্ধী এসময়ে বলেন, ‘রাজস্থানে বিজেপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে আপনাদের সমস্ত প্রকল্প বন্ধ করে দেবে। বন্ধ হয়ে যাবে সকল জনকল্যাণমূলক কাজ। তারপরও ভোট না দিলে নিজেদেরই ক্ষতি হবে। আপনারা এমন একজন নেতা নির্বাচন করুন যার কাছে জনগণের শ্রদ্ধা থাকবে। এমন নেতা বেছে নিন যিনি আপনার সমস্যা বাড়াবে না, যিনি আপনার সমস্যা কমিয়ে দেবে। আপনারা কংগ্রেস সরকারকে পুনরায় নির্বাচিত করুন। আশা করি নির্বাচনের সময় এসব কথা মনে রাখবেন।’
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, প্রধানমন্ত্রী সবকিছুর জন্য তার শিল্পপতি বন্ধুদের এগিয়ে রেখেছেন এবং জনসাধারণকে পেছনে রেখেছেন। যখন আসল ইস্যু আসে, তারা জাত এবং ধর্মের কথা তুলে ধরে। প্রিয়াঙ্কা বলেন- দেশে আজ মূল্যস্ফীতি চরমে। গ্যাস সিলিন্ডারের দাম ১০০০ টাকা, একজন গরীব মানুষ কিভাবে তা কিনবে?
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী রাজস্থানের কংগ্রেস সরকারের প্রশংসা করে বলেন, রাজস্থান সরকার ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দিচ্ছে সাধারণ মানুষকে। ইন্দিরা রসইয়ের মাধ্যমে ৮ টাকায় পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। চিরঞ্জীবী স্বাস্থ্য বীমা যোজনার মাধ্যমে স্বাস্থ্যের অধিকার প্রয়োগকারী রাজস্থান প্রথম রাজ্য। বিজেপির তৈরি কোমরভাঙ্গা মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনকে শেষ করে দিয়েছে। রাজস্থানের কংগ্রেস সরকার মুদ্রাস্ফীতির ত্রাণ শিবিরের মাধ্যমে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান সম্পর্কিত ১০ টি প্রকল্পকে জনসাধারণের কাছে পৌঁছে দিচ্ছে। কংগ্রেসের সকল সরকার জনগণের কল্যাণ ও জনকল্যাণে নিবেদিত বলেও মন্তব্য করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। #
পার্সটুডে/এমএএইচ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।