জনপ্রতিনিধির কাজ দাঙ্গা ছড়ানো নয়: অভিষেক বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i130588-জনপ্রতিনিধির_কাজ_দাঙ্গা_ছড়ানো_নয়_অভিষেক_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আজ হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে বলেছেন, জনপ্রতিনিধির কাজ দাঙ্গা ছড়ানো নয়। ধর্ম নিয়ে বিভাজন সৃষ্টিকারীদের চিহ্নিত করতে হবে। একইসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে সেই বিষয়েও সোচ্চার হয়েছেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
নভেম্বর ১০, ২০২৩ ১৯:০৯ Asia/Dhaka
  • অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি
    অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আজ হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে বলেছেন, জনপ্রতিনিধির কাজ দাঙ্গা ছড়ানো নয়। ধর্ম নিয়ে বিভাজন সৃষ্টিকারীদের চিহ্নিত করতে হবে। একইসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্যের পাওনা টাকা আটকে রেখেছে সেই বিষয়েও সোচ্চার হয়েছেন।

আজ (শুক্রবার) বিকেলে ডায়মন্ড ফলতার ফতেপুর হাইস্কুল ফুটবল মাঠের বস্ত্র বিতরণী অনুষ্ঠান উপলক্ষ্যে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জনপ্রতিনিধির কাজ ধর্মে ধর্মে ভেদাভেদ নয়, জনপ্রতিনিধির কাজ জুমলা (মিথ্যা প্রতিশ্রুতি) বলা নয়, জনপ্রতিনিধির কাজ দাঙ্গা ছড়ানো নয়। জনপ্রতিনিধির কাজ মানুষের টাকা আটকে রাখা নয়, জনপ্রতিনিধির কাজ টাকা নিয়ে সেটিং করা নয়, জনপ্রতিনিধির কাজ নিজের জীবন বিপন্ন করে মানুষের পাশে দাঁড়ানো।’

তিনি বলেন, ‘যখন নির্বাচিত হয়েছি, আমার কোনো ধর্ম নেই, একটাই ধর্ম তা হল মানব ধর্ম, মানুষকে পরিসেবা দেওয়া। যারা ধর্মে ধর্মে বিভাজন করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, তাদের চিহ্নিত করে রাখুন।’

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি থাকার সময়ে কোনো দিন ধর্মে ধর্মে বিভাজন করা হয়নি বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি ৯ বছর ধরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কাজ করছি, কোনোদিন ধর্মে ধর্মে বিভাজন করেছি? আমি বড়দিনে যেমন খ্রিস্টান ভাই-বোনেদের পাশে দাঁড়িয়েছি, তেমনি ঈদের সময়ে, রমজানের সময়ে মসজিদ কমটিগুলোকে আর্থিক সাহায্য করে সহযোগিতা করে তাদের পাশে দাঁড়িয়েছি। দুর্গাপুজোর সময়ে প্রায় ১৮০০ নথিভুক্ত ক্লাবে সাহায্য সহযোগিতা করেছি। যখন কোভিডের সময়ে ১৪ লাখ লোকের মুখে খাবার তুলে দিয়েছি, তখন কী জিজ্ঞেস করেছি, আপনার ধর্ম বলুন, আপনি হিন্দু, না মুসলিম? আর যাই হোক, যতদিন আমি আছি, ডায়মন্ড হারবারকে যদি কেউ চায় ধর্মের ভিত্তিতে ভাগ করে বিজেপির সাম্প্রদায়িকতার বীজ ডায়মন্ড হারবারে বপন করব, যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তা হবে না। আমি হতে দেবো না।’

এ প্রসঙ্গে তিনি বিগত দিনে দাঙ্গা প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, ‘বিজেপি অনেক চেষ্টা করেছিল ২০১৯ সালে। সাতগাছিয়ায় ন’হাজারি বলে একটা অঞ্চল আছে, ভোটের দু’দিন আগে দাঙ্গা লাগিয়ে দেবে! সেই বুথে আমি গেছি, বাড়ির পর বাড়ি আগুন লাগিয়ে দিয়েছিল, আমি নিজে দাঁড়িয়ে সেই আগুন রুখেছিলাম’ বলেও মন্তব্য করেন তৃণমূল  কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে তাকে গতবারের চেয়েও বিপুল ব্যবধানে জয়ী করার আহ্বান জানান।#     

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১০