তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর করা হবে: আদিত্যনাথ
https://parstoday.ir/bn/news/india-i131370-তেলেঙ্গানায়_বিজেপি_ক্ষমতায়_এলে_হায়দরাবাদের_নাম_বদলে_ভাগ্যনগর_করা_হবে_আদিত্যনাথ
ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও হিন্দুত্ববাদী বিজেপির ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথ হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর করা হবে বলে মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৭, ২০২৩ ১৫:২৫ Asia/Dhaka
  • আদিত্যনাথ
    আদিত্যনাথ

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও হিন্দুত্ববাদী বিজেপির ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথ হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর করা হবে বলে মন্তব্য করেছেন।

তেলেঙ্গানায় আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এক সভায় বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন। গতকাল (রোববার) পাল্টা জবাবে মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ও হায়দরাবাদের এমপি ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেছেন, আপনার হায়দরাবাদের নাম বদলের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। 

গতকাল একটি সভায় বক্তব্য দেওয়ার সময় আসাদউদ্দিন ওয়াইসি বলেন,  ‘আজ আমরা দেখছি যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এখানে এসেছেন। তার পেটেন্ট সংলাপ আছে যে আমরা নাম বদলে দেবো,  তার থেকে আর কিছুই আসে না।’    

আসাদউদ্দিন ওয়াইসি

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর আগে তেলেঙ্গানার মেহবুব নগরে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময়ে বলেছিলেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় এলে মেহবুব নগরের নাম পালামুরু করা হবে। একইভাবে  তিনি কুমারম ভীম আসিফবাদ জেলায় একটি জনসভায় হায়দরাবাদের নাম ‘ভাগ্যনগর’ করার কথা বলেন। 

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর করা হবে। প্রসঙ্গত, তেলেঙ্গানার রাজধানী ও সেখানকার সবচেয়ে বৃহত্তম শহর হল হাদরাবাদ। তিনি দাবি করেন, গত সাড়ে ছয় বছরে উত্তর প্রদেশে কোনো দাঙ্গা হয়নি। তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই দেখেছেন কীভাবে উত্তর প্রদেশের ‘বুলডোজার’ মাফিয়া ও অপরাধীদের বিরুদ্ধে কাজ করে। এটাই তাদের সমাধান।’    

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর অভিযোগ- কংগ্রেস ও বিআরএসের মধ্যে যোগসাজশ  আছে। তাদের কমন ফ্রেন্ড হলো ‘মিম’, যারা ফেভিকলের কাজ করে। তাদের যে কোনও একটিকে ভোট দিলে তিনটিই শক্তিশালী হবে বলেও মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও হিন্দুত্ববাদী বিজেপির ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথ৷ 

প্রসঙ্গত, উত্তর প্রদেশে নাম পরিবর্তনের ধারাবাহিকতায় সম্প্রতি আলীগড় পৌর কর্পোরেশনের পক্ষ থেকে আলীগড়ের নাম বদলে হরিগড় করার প্রস্তাব পাস করে তা নগর উন্নয়ন দফতরে পাঠানো হয়েছে। এরআগে বিজেপিশাসিত উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের আমলে ইলাহাবাদের নাম বদল করে প্রয়াগরাজ করা হয়। একই সময়ে ফৈজাবাদকে অযোধ্যা, মুঘলসরাই রেলওয়ে স্টেশনকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, গোরখপুরের উর্দু বাজারকে হিন্দি বাজার, হুমায়ুনপুর থেকে হনুমান নগর, আলীপুরকে আর্য নগর করা হয়েছে। এবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর করা হবে বলে ঘোষণা দিলেন। প্রসঙ্গত, আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানার ১১৯ আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা হবে ৩ ডিসেম্বর। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৭

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।