গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে: প্রিয়াঙ্কা গান্ধী
-
প্রিয়াঙ্কা গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ফিলস্তিনের গাজায় নৃশংসভাবে চলমান বোমা হামলার তীব্র সমালোচনা করেছেন।
আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক বার্তায় বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। তিনি বলেন, ভারতের কর্তব্য হল আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে যা সঠিক তা সমর্থন করা এবং দ্রুত যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করা। ভারত সর্বদা যা সঠিক তার পক্ষে দাঁড়িয়েছে এবং ফিলিস্তিনি জনগণকে তাদের স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রামের শুরু থেকেই সমর্থন করে আসছে।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, গাজায় নির্দয় বোমা হামলা যুদ্ধবিরতির আগের চেয়েও বেশি বর্বরতার সাথে অব্যাহত রয়েছে। খাদ্য সরবরাহের ঘাটতি রয়েছে, চিকিৎসা সুবিধা ধ্বংস করা হয়েছে, এমনকি মৌলিক সুযোগ-সুবিধাও বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে। একটা গোটা জাতিকে নিশ্চিহ্ন করা হচ্ছে। প্রায় ১০ হাজার শিশু, ৬০ জনের বেশি সাংবাদিক এবং শতাধিক চিকিৎসাকর্মীসহ ১৬ হাজার নিরীহ বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। এই মানুষদেরও আমাদের মতো স্বপ্ন ও আশা আছে। আমাদের চোখের সামনেই তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আমাদের মানবতা কোথায়?
প্রিয়াঙ্কা বলেন, আমরা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য লড়াই করেছি। আমরা ফিলিস্তিনের আমাদের ভাই-বোনদের স্বাধীনতার জন্য তাদের দীর্ঘ সংগ্রামের শুরু থেকে সমর্থন করেছি এবং এখন তাদের পৃথিবী থেকে মুছে ফেলার জন্য গণহত্যার বিষয়ে আমরা কিছুই করছি না? আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে, যা সঠিক তা সমর্থন করা ভারতের কর্তব্য। যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত বলেও মন্তব্য করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
প্রসঙ্গত, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালানোর পর থেকে গাজায় ইসরাইল নির্বিচারে বোমাবর্ষণ করছে। এরফলে এ পর্যন্ত ১৬ হাজারের বেশি মানুষ নিহত এবং ৪২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরাইলের বর্বর, অমানবিক ও নৃশংস হামলায় প্রত্যেকদিনই বেড়ে চলেছে মৃত্যু মিছিল। কার্যত চরম মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে সেখানে। বিভিন্ন মহল থেকে একে ‘গণহত্যা’বলে উল্লেখ করে অবিলম্বে তা বন্ধ করার দাবি জানানো হয়েছে। ৭ দিনের যুদ্ধ বিরতি শেষ হওয়ার পর পুনরায় গাজায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।