কর্ণাটকে মন্দিরের বাইরে মুসলিম ব্যবসায়ীদের নিষিদ্ধ করার দাবি
কর্ণাটকে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে মুসলিম ব্যবসায়ীদের নিয়ে। বিজয়পুরা শহরের সিদ্ধেশ্বর মন্দিরের বাইরে ব্যানার লাগিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন। এতে আসন্ন সিদ্ধেশ্বর যাত্রায় (ধর্মীয় অনুষ্ঠান) মুসলিম ব্যবসায়ীদের ব্যবসা করা থেকে বিরত রাখার কথা বলা হয়েছে।
জানা গেছে, ‘শ্রী রাম সেনা’ সদস্যরা মন্দির কমিটির কাছে দাবি করেছেন, সিদ্ধেশ্বর যাত্রা চলাকালীন মুসলিম ব্যবসায়ীদের ব্যবসা করতে দেওয়া উচিত নয়। ব্যানারে লেখা হয়েছে, মুসলিমরা দেশের আইনে বিশ্বাস করে না। তারা পবিত্র গরু হত্যাকারী। তারা জিহাদের নামে ধর্মান্তরে লিপ্ত হয়ে ভারতীয় সংস্কৃতিকে অপমান করছে। সিদ্ধেশ্বর যাত্রার সময় এ ধরণের লোকদের কোনো ধরণের ব্যবসা করতে দেওয়া হবে না।
মন্দির কমিটির সদস্যরা ব্যানারটি সরানোর চেষ্টা করলে তাদের এবং শ্রী রাম সেনার কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। শ্রী রাম সেনার স্থানীয় সভাপতি নীলকন্ঠ কন্দাগাল বলেন, তারা তাদের দাবিতে অনড়। তিনি বলেন, হিন্দু সংগঠনের একটি ফেডারেশনের মাধ্যমে মন্দিরের কাছে এই ব্যানারটি লাগানো হয়েছে। মন্দিরটি সকল হিন্দুদের। এটা শুধু মন্দির কমিটির নয়। কমিটির উচিত আমাদের দাবি পূরণ করা বলেও মন্তব্য করেন নীলকন্ঠ কন্দাগাল।
শ্রী রাম সেনার সভাপতি নীলকন্ঠ কন্দাগাল বলেছেন, কমিটি তাদের দাবি পূরণ করতে ব্যর্থ হলে শ্রী রাম সেনা সদস্যরা তাদের রাজ্য সভাপতি প্রমোদ মুতালিকের নেতৃত্বে কমিটির বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। কমিটির মাধ্যমে ব্যানার অপসারণের পর তা পুনরায় লাগানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, গত বছর অক্টোবরে কর্ণাটকের ম্যাঙ্গালুরু সিটি পুলিশ দক্ষিণ কন্নড় জেলা বিশ্ব হিন্দু পরিষদের যুগ্ম সম্পাদক শরণ পম্পওয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। তিনি এবং তার অনুগামীরা সে সময়ে কর্ণাটকের হিন্দু মন্দিরে উৎসব ও মেলার সময় মুসলিম ব্যবসায়ীদের বয়কটের আহ্বান জানিয়েছিলেন। তার দাবি ছিল- কেউ যদি মূর্তি পূজায় বিশ্বাস না করে তাহলে মন্দিরের কাছে ব্যবসা করতে দেওয়া হবে কেন? পম্পওয়েল তার অনুগামীদের সাথে শ্রীমঙ্গলাদেবী মন্দিরের আশেপাশে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের দোকানে গেরুয়া পতাকা লাগিয়েছিলেন। তিনি সেখানে একটি বিবৃতিতে হিন্দুদেরকে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোকদের মালিকানাধীন এবং পরিচালিত দোকান থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার আহ্বান জানিয়েছিলেন। এরপরেই তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/ ০৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।