২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের নিশ্চিহ্ন হওয়া নিশ্চিত : মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে আসন্ন সাধারণ নির্বাচনে বিজেপি’র জন্য ৩৭০ আসনের লক্ষ্য নির্ধারণ করেছেন।
৫৪৩ আসন সম্বলিত সংসদের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনকে সামনে রেখে তিনি আজ (রোববার) মধ্য প্রদেশে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস সম্পর্কে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ছুটি হয়ে গিয়েছিল, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিশ্চিহ্ন হওয়া নিশ্চিত।
তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারে বিজেপির ক্ষমতায় থাকা প্রসঙ্গে বলেন, বিগত বছরগুলোতে, মধ্য প্রদেশ দু’টি ভিন্ন যুগ দেখেছে- একটি ছিল ডাবল ইঞ্জিন সরকারের (কেন্দ্রীয় ও রাজ্য সরকারে বিজেপি) যুগ এবং অন্যটি ছিল কংগ্রেসের আমলের অন্ধকার যুগ। তরুণদের হয়তো মনেও নেই যে আজ উন্নয়নের পথে দ্রুত ছুটে চলা মধ্য প্রদেশকে বিজেপি সরকারের আগে দেশের সবচেয়ে অসুস্থ রাজ্যগুলোর মধ্যে গণ্য করা হতো।
প্রধানমন্ত্রী বলেন, যখন বিরোধীরা বলেছিল যে ২০২৪ সালে ৪০০ আসন পেরিয়ে যাবে, আমি বলেছিলাম যে আমিও শুনেছি যে বিজেপি নেতৃত্বাধীন জোট ‘এনডিএ’ ৪০০ ছাড়িয়ে যাবে কিন্তু আমি এটাও শুনেছি যে বিজেপি একাই ৩৭০ আসন পেরিয়ে যাবে।
তিনি বলেন, আমি এখানে সেবক হিসেবে এসেছি। মধ্য প্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফলে ইতোমধ্যে এখানকার মানুষের মনোভাব প্রকাশ হয়েছে। প্রসঙ্গত, মধ্য প্রদেশে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর কংগ্রেস একনাগাড়ে ইলেকট্রনিক ভোট যন্ত্র ইভিএমকে দোষারোপ করছে। এমনকী সংসদেও বিরোধীরা এই প্রসঙ্গ তুলেছে যে, নির্বাচনে বিজেপি কতগুলো আসন জিতবে, কীভাবে তা আগে থেকে জানে? এই সবের মধ্যেই আজ মধ্য প্রদেশে এক সমাবেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমি জানি লোকসভায় কী ফলাফল আসবে। মধ্য প্রদেশ বিধানসভা নির্বাচনে জনগণের দেওয়া ফলাফল থেকেই স্পষ্ট যে লোকসভায় কংগ্রেস সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হতে চলেছে।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।