কূটনৈতিক সাফল্য: কাতারে মৃত্যুদণ্ড পাওয়া ৮ ভারতীয় নৌসেনাকে মুক্তি
https://parstoday.ir/bn/news/india-i134412-কূটনৈতিক_সাফল্য_কাতারে_মৃত্যুদণ্ড_পাওয়া_৮_ভারতীয়_নৌসেনাকে_মুক্তি
কাতারে মৃত্যুদণ্ড পাওয়া ৮ ভারতীয় নৌ সেনাকে মুক্তি দেওয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১৪:৫১ Asia/Dhaka
  • কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি
    কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি

কাতারে মৃত্যুদণ্ড পাওয়া ৮ ভারতীয় নৌ সেনাকে মুক্তি দেওয়া হয়েছে।

সম্প্রতি তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল কাতারের আদালত। এরপর ভারতের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা চালানো হয়। অবশেষে তাদের মুক্তি দেওয়া হয়েছে। কাতারের এই সিদ্ধান্ত ভারতের পক্ষে কূটনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে। আজ (সোমবার)  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওই আট জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাত জন ইতোমধ্যে দেশে ফিরেও এসেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, কাতারের সংস্থায় কর্মরত আট সাবেক নৌসেনা কর্মকর্তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতার। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। ওদের মধ্যে সাত জন ইতোমধ্যে দেশে ফিরেছেন। 

কাতারে মৃত্যুদণ্ড পাওয়া আট কর্মকর্তা হলেন, ক্যাপ্টেন নভতেজ সিংহ গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাজেশ।   

২০২২ সালের আগস্টে এই আট নৌকর্মকর্তাকে আটক করেছিল কাতারের গোয়েন্দা সংস্থা। তারা কাতারের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে  চরবৃত্তির অভিযোগ উঠেছিল। এদিকে, সাত কর্মকর্তা দিল্লিতে ফিরেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে হস্তক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, ‘প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আজ আমাদের পক্ষে এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হতো না। ভারত সরকারের একনাগাড়ে চেষ্টার কারণেই এটা সম্ভব হয়েছে।’  

জানা গেছে, গত ২৬ অক্টোবর কাতারের একটি আদালত সাবেক নৌবাহিনীর সদস্যদের মৃত্যুদণ্ড দেয়। ডিসেম্বরে ভারতীয় নৌসেনাদের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছিল আদালত। সাজা কমিয়ে তাদের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছিল। ভারত সরকারের পক্ষ থেকে কাতারের আদালতে আনুষ্ঠানিক ভাবে সাজা পুনর্বিবেচনার আবেদন জানানো হয়। তার পরেই ওই কর্মকর্তাদের মুক্তির সিদ্ধান্ত নেয় কাতার। 
এপ্রসঙ্গে আজ কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, বিশ্বের যেখানেই যে কোনও ভারতীয় সমস্যায় পড়ুক না কেন, তার নিজ দেশে নিরাপদে প্রত্যাবর্তন মোদীর গ্যারান্টি। কাতারের কারাগারে আটক ভারতীয়দের নিরাপদে দেশে ফিরে আসার কৃতিত্ব ভারতের প্রধানমন্ত্রীর দক্ষ কূটনৈতিক কৌশলের দিকে যায় যিনি ভারতের প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিলেন।

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন, আমাদের নৌসেনারা ভারতের মাটিতে ফিরে আসার সাথে সাথেই তারা এটি সম্ভব করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের মতে, নৌবাহিনীর কর্মীদের স্বদেশ প্রত্যাবর্তন একটি আনন্দের মুহূর্ত এবং যে কোনও মূল্যে তার নাগরিকদের রক্ষা করার জন্য মোদী  সরকারের গুরুত্ব এবং ক্ষমতার প্রতি আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে সারা বিশ্বের মানুষের জীবন ও স্বাধীনতার নিশ্চয়তা বলেও মন্তব্য করেছেন মন্ত্রী অনুরাগ ঠাকুর।

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) সাবেক ছাত্রনেত্রী শেহলা রশিদ ওই ইস্যুতে প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেছেন, এটি ভারতের জন্য একটি বড় কূটনৈতিক বিজয় এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের পররাষ্ট্রনীতি যে সক্ষম হাতে রয়েছে তার প্রমাণ। প্রধানমন্ত্রী মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী ডঃ জয়শঙ্কর আবারও অসম্ভবকে সম্ভব করেছেন বলেও মন্তব্য করেছেন শেহলা রশিদ।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।