সন্দেশখালি ইস্যুতে এবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সাফাই জাতীয় মহিলা কমিশনের
https://parstoday.ir/bn/news/india-i134672-সন্দেশখালি_ইস্যুতে_এবার_পশ্চিমবঙ্গে_রাষ্ট্রপতি_শাসনের_পক্ষে_সাফাই_জাতীয়_মহিলা_কমিশনের
পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে মহিলাদের উপর দুর্বৃত্তরা নানাভাবে অত্যাচার করেছে অভিযোগে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সাফাই দিয়েছে জাতীয় মহিলা কমিশন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১৫:৫৩ Asia/Dhaka
  • সন্দেশখালি ইস্যুতে এবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সাফাই জাতীয় মহিলা কমিশনের

পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে মহিলাদের উপর দুর্বৃত্তরা নানাভাবে অত্যাচার করেছে অভিযোগে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সাফাই দিয়েছে জাতীয় মহিলা কমিশন।

আজ (সোমবার) জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা সন্দেশখালি সফর করার পর বলেন, দিনের পর দিন মহিলাদের উপর নির্যাতন হয়েছে। ১৮টা অভিযোগ পেয়েছি। দু’জন ধর্ষণের অভিযোগ জানিয়েছে। পুলিশের উপর মানুষের আস্থা নেই। এখানে খুব খারাপ পরিস্থিতি। রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনও উপায় নেই। কারণ, পুলিশকেও ভয় পাচ্ছে ওরা।

সম্প্রতি সন্দেশখালিতে তপসিলি জনজাতির মানুষজনের উপর অত্যাচারের অভিযোগে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছে জাতীয় তফসিলি কমিশন। এবার ওই ইস্যুতে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সাফাই দিলো জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন, 'সন্দেশখালিতে দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। সন্দেশখালির মহিলারা অত্যাচারিত, ২জন ধর্ষণের অভিযোগ করেছেন।   

চলতি ফেব্রুয়ারির শুরুতে দফায় দফায় অশান্তির ঘটনা ঘটে সন্দেশখালিতে। এলাকার একাংশের মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। সামনের সারিতে ছিলেন মূলত মহিলারা। সেই সময়েই স্থানীয় মহিলাদের একাংশ দাবি করেছিলেন, দিনের পর দিন তাদের উপর যৌন নির্যাতন হয়েছে। অভিযোগ ছিল তৃণমূলের স্থানীয় নেতদের বিরুদ্ধে। তৃণমূল অবশ্য বরাবরই এ ধরণের অভিযোগ অস্বীকার করেছে।  

এদিকে, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন সন্দেশখালির পর উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় যাবেন কী না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের নারী, শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। চোপড়ার চেতনাগাছে বিএসএফ নিয়ন্ত্রিত এলাকায় সম্প্রতি মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু হয়। ভারত-বাংলাদেশ সীমান্তে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগাছ এলাকায় বিএসএফ-এর পক্ষ থেকে একটি ড্রেন কাটা হচ্ছিল। সেখানেই খেলা করছিল শিশুরা। আচমকা ধস নেমে মাটির নীচে চাপা পড়ে চার শিশুর মৃত্যু হয়। এনিয়ে বিএসএফের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার হয়েছেন তৃণমূল নেতা-মন্ত্রীরা। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।