কাশ্মীর ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে: ডা. ফারুক আব্দুল্লাহ
https://parstoday.ir/bn/news/india-i134916-কাশ্মীর_ভারতের_অংশ_ছিল_আছে_এবং_থাকবে_ডা._ফারুক_আব্দুল্লাহ
কাশ্মীর ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স (এনসি) সভাপতি ডা. ফারুক আবদুল্লাহ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১১:৪৮ Asia/Dhaka
  • ডা. ফারুক আব্দুল্লাহ
    ডা. ফারুক আব্দুল্লাহ

কাশ্মীর ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স (এনসি) সভাপতি ডা. ফারুক আবদুল্লাহ।

গতকাল (রোববার) বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন। 'সংবিধান এবং জাতীয় ঐক্য সম্মেলন-২০২৪'-এ দেওয়া বক্তব্যে সংসদের নিম্নকক্ষ লোকসভার সদস্য ডা. ফারুক আবদুল্লাহ বলেন, আমি আমাদের জনগণের পক্ষ থেকে আপনাদের জন্য শুভ কামনা নিয়ে এসেছি। জাতিকে শক্তিশালী করতে হলে এর বৈচিত্র্য রক্ষা করতে হবে। 

তিনি বলেন, ধর্ম আমাদের বিভক্ত করে না, ধর্ম আমাদের একত্রিত করে। এমন কোনো ধর্ম নেই যা খারাপ কিন্তু আমরা তা ভুলভাবে অনুসরণ করি। আমরা যদি এগিয়ে যেতে চাই, তবে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হল একত্রে দাঁড়ানো, এ দেশ যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে তা একত্রে মোকাবেলা করা এবং যে সকল অপশক্তি আমাদের বিভক্ত করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করা। সংবিধান বিপন্ন এবং সংবিধানকে শক্তিশালী রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটা না করলে আগামী দিনে আমাদের আফসোস করতে হবে বলেও মন্তব্য করেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ।    

অন্যদিকে, সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তার বক্তব্যে দেশকে ফ্যাসিবাদী হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারতের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চরিত্রকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) দ্বারা সমর্থিত ফ্যাসিবাদী 'হিন্দুত্ব রাষ্ট্র'-এ রূপান্তরিত করার প্রচেষ্টা চলছে যার সমাজ 'মনুস্মৃতি' এবং বর্ণভিত্তিক নিপীড়ন ও শ্রেণিবিন্যাসের উপর ভিত্তি করে তৈরি হবে। 

সীতারাম ইয়েচুরির অভিযোগ- কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদী) দেশ ও সংবিধানকে ধ্বংস করতে উদ্যত হয়েছেন এবং তাকে পদ থেকে সরাতে হবে এবং পরাজিত করতে হবে। ভারতকে বাঁচাতে হলে আমাদের এই অমৃতকালকে জনগণের অমৃতকালে রূপান্তর করতে হবে। সমস্ত ভারতীয় দেশপ্রেমিককে একত্রিত হতে হবে এবং আমাদের দেশ, আমাদের চরিত্র, আমাদের গর্ব এবং আমাদের ব্যক্তিত্ব ও সমতা পুনরুদ্ধারের জন্য লড়াই করতে হবে বলেও মন্তব্য করেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।  #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।