দিল্লির পাপের পয়সা আমরা নিই না: মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i135186-দিল্লির_পাপের_পয়সা_আমরা_নিই_না_মমতা_বন্দ্যোপাধ্যায়
‘দিল্লির পাপের পয়সা আমরা নিই না’ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (সোমবার)পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ির সভামঞ্চে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৪, ২০২৪ ১৫:১০ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

‘দিল্লির পাপের পয়সা আমরা নিই না’ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (সোমবার)পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ির সভামঞ্চে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা আজ কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর না নাম করে তাকে তীব্র কটাক্ষ  করেন। প্রসঙ্গত, শুভেন্দু অধকারী একসময়ে তৃণমূলে ছিলেন, তিনি রাজ্যের প্রভাবশালী মন্ত্রীও ছিলেন। কিন্তু পরবর্তীতে নানা কারণে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর থেকে তার নাম না করে তাকে ‘গাদ্দার’ বলে কটাক্ষ করে থাকেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা।  

মমতা বিরোধী দলনেতাকে টার্গেট করে বলেন, ‘মনে রাখবেন গাদ্দারদের কমরেডরা, গাদ্দার বাবুরা, আমি নাম বলি না বলতে আমার লজ্জা লাগে!  জীবনে সব থেকে বেশি পেয়েছে দল থেকে, যখন দলে ছিল। সব থেকে বেশি খেয়েছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি! নিজে ধরা পড়ার ভয়ে গরীব ছেলে-মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন! এই  সাধুগিরি আমরা বের করবই। যারা সত্যিকারের সাধু, তাদের আমি  সম্মান জানাই। কিন্তু যারা সাধুর পোশাক পরে যারা অসাধু কাজ করে তাদের আমি কখনও সম্মান জানাই না।’ 

রাজ্যে মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে প্রত্যেক মাসে কিছু আর্থিক সুবিধা দেওয়া হয়। মমতা আজ ওই ইস্যুতে উপস্থিত জনতার উদ্দেশ্যে  বলেন, লক্ষ্মীর ভাণ্ডার কারা কারা পান একটু হাত তুলুন। মনে রাখবেন এই টাকার এক টাকাও দিল্লি দেয় না। দিল্লির পাপের পয়সা আমরা নিই না। আমরা পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দিই। এপ্রিল  মাস থেকে আপনারা ৫০০ টাকা করে পান, ওটা ১ হাজার টাকা করে পাবেন। আর যারা ১ হাজার পান, তারা ১২০০ টাকা করে পাবেন। ৬০ বয়স হয়ে গেলেও আপনার লক্ষ্মীর ভাণ্ডার শেষ হবে না। ৬০ বছর পরেও এটা চলবে। আগামীদিনে বিধবা ভাতা বা বার্ধক্য ভাতার জন্য ঘুরে বেড়াতে হবে না। এই টাকা চালু থাকবে যতদিন বাঁচবেন। মমতা বলেন, তারা ক্ষমতায় থাকলে তবেই এটা সম্ভব হবে।  

বিজেপি নেতাদের টার্গেট করে মমতা বলেন, ওরা মিথ্যে কথা বলে, ভেংচি কেটে চলে যায়, লোকের চাকরি খেয়ে নেয়, মিথ্যে কথা বলে নির্বাচন আসলে। নির্বাচন আসলে ঘরে ঘরে পুলিশ পাঠায়। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মমতা বলেন, হাজার টাকার গ্যাসে ফুটছে (রেশনের) বিনা পয়সার চাল! ওহে গাদ্দার নন্দলাল, একবারও কী ভেবে দেখেছো, এ টাকা মানুষ কোথা থেকে পাবে? একশো দিনের প্রকল্পে কাজ করার পরেও কেন্দ্রীয় সরকার তিন বছর টাকা দেয়নি গরীব মানুষদের। আমরা ৫৯ লাখ লোকের টাকা পৌঁছে দিয়েছি বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।