কেন্দ্রীয় সরকার ধর্মের সুড়সুড়ি দিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে: মমতা
-
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিল্লির কেন্দ্রীয় বিজেপি সরকার ধর্মের সুড়সুড়ি দিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে। তারা ধর্মের নামে সহিংসতা ছড়ানোরও চেষ্টা করছে।
আজ (সোমবার) কোলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সংখ্যালঘু উন্নয়ন সম্পর্কিত এক অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন। কেন্দ্রীয় সরকারের সমালোচান করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার বলার অপেক্ষা রাখে না, সারাক্ষণ ওই ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে ফেসবুক, টুইটার ইত্যাদি কিছু না কিছু চলছেই। ওরা সমাজের ভালো যদি কিছু করে তাহলে আমার আপত্তি নেই। কিন্তু সমাজের ভালো নয়, ওদের কাজ হচ্ছে শুধু একে অন্যের বিরুদ্ধে লাগিয়ে দেয়া। এক পক্ষ লাগিয়ে দেয়, আর এক পক্ষ চিৎকার করতে শুরু করে।’
মমতা আজ বলেন, ‘আমি সংখ্যালঘু ভাই-বোনদের কাছে অনুরোধ করে বলব, বিজেপি’র কথায় আমরা যেন প্ররোচিত না হই। ওরা লাগিয়ে দিচ্ছে, আমাদের জ্বালাচ্ছে, আমাদের বিভক্ত করতে চাচ্ছে কিন্তু আমরাও আমাদের সম্প্রদায়কে যেন বোঝাই ওরা যাই বলুক তা গ্রাহ্য করার কোনো প্রয়োজন নেই।’
মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্যের হজ যাত্রীদের সুবিধার্থে নতুন অ্যাপের উদ্বোধন করেন। তিনি আজ রাজ্য সরকারের উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরে সংখ্যালঘুদের জন্য যেসব কাজ করা হচ্ছে তা উল্লেখ করেন। কেন্দ্রীয় সরকার কোনো কাজ না করে প্রচার পেতে শুধু বিজ্ঞাপন দিয়ে থাকে বলেও মন্তব্য করেন মমতা।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে কোলকাতার ঐতিহ্যবাহী টিপু সুলতান মসজিদের ইমাম মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ নূরর রহমান বরকতি, সংসদ সদস্য ইদ্রিস আলী, সুলতান আহমেদ, বিশিষ্ট সাংবাদিক আহমেদ হাসান ইমরান এমপি, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমসহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১