সিঙ্গুরের কৃষকের জমি ফিরিয়ে দিলেন মমতা, টাটাকেও হাজার একরের প্রস্তাব
-
সিঙ্গুরের সমাবেশে মমতা বন্দোপাধ্যায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সিঙ্গুরের জমি আন্দোলন সারা পৃথিবীর জমি আন্দোলনের ইতিহাসে একটা মাইলফলক হয়ে থাকবে।’ আজ (বুধবার) বিকেলে পশ্চিমবঙ্গের সিঙ্গুরে এক সভায় তিনি ওই মন্তব্য করেন।
মমতা বলেন, ‘জমি ফিরিয়ে দেব বলে আপনাদের কথা দিয়েছিলাম, কথা রাখতে পেরেছি। এটা আজকে সবচেয়ে বড় জয়।’
মমতা বন্দ্যোপাধ্যায় সব কৃষককেই চাষের সরঞ্জাম কিনে চাষ শুরু করার জন্য ১০ হাজার টাকা করে সাহায্য দেয়ার কথা ঘোষণা করেন। একইসঙ্গে যত দিন ফেরত দেয়া জমি চাষযোগ্য হচ্ছে ততদিন পর্যন্ত দুই টাকা কেজি মূল্যে চাল এবং মাসিক ভাতা দেয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ কৃষির পাশাপাশি শিল্প গড়ার বার্তাও দেন। তিনি বলেন, ‘আমরা কথার চেয়ে কাজে বিশ্বাসী। আমরা কৃষিকেও রক্ষা করব, শিল্পও তৈরি করব।’ সিঙ্গুরে কিষাণ মান্ডি, ডিগ্রি কলেজ, ট্রমা সেন্টার স্থাপন করা হয়েছে উল্লেখ করে বলে মমতা বলেন, এখানে কৃষকদের জন্য একটি স্মারক তৈরি করা হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় আজ টাটা কোম্পানিকে এক হাজার একর জমি দেয়ার প্রস্তাব দেন। গোয়ালতোড়ে ল্যান্ডব্যাঙ্কে এক হাজার একর জমির কথা উল্লেখ করে মমতা বলেন, ‘ওই জমিতে যদি কেউ গাড়ি কারখানা করতে চান, সে টাটাই হোক বা বিএমডব্লিউ, তা হলে শিল্পমন্ত্রী অমিত মিত্রর সঙ্গে যোগাযোগ করুন।
তিনি ‘মাটি আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। মাটিই আমাদের বাঁচিয়ে রাখে’ বলেও মন্তব্য করেন।
পশ্চিমবঙ্গে বিগত বামফ্রন্ট সরকারের আমলে সিঙ্গুরে টাটা কোম্পানির ন্যানো গাড়ি কারখানার জন্য জমি কৃষকদের কাছ থেকে কৃষিজমি অধিগ্রহণ করেছিল সরকার। সেসময় বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষিজমি বেআইনিভাবে কৃষকদের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে অভিযোগ করে ব্যাপক গণআন্দোলন গড়ে তোলেন। সিঙ্গুর আন্দোলনে কৃষকদের জমি কেড়ে নেয়ার প্রতিবাদে বাম সরকারের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি একটানা ২৬ দিন অনশন করেছিলেন। বস্তুত সিঙ্গুর এবং নন্দীগ্রামে জমি আন্দোলনকে কেন্দ্র করে রাজ্যে মমতার ক্ষমতায় আসার পথ প্রশস্ত হয়।
২০১১ সালে বামফ্রণ্ট সরকারকে পরাজিত করার পর মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ‘সিঙ্গুরের কৃষকের জমি ফেরত দেয়াই তার মূল লক্ষ্য৷’
সিঙ্গুরে জমি অধিগ্রহণ সংক্রান্ত মামলায় গত ৩১ আগস্ট ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়ে দেয় সিঙ্গুরে টাটা গোষ্ঠীর জন্য জমি অধিগ্রহণ অবৈধ ও বেআইনি ছিল। ১২ সপ্তাহের মধ্যে সমস্ত কৃষকের জমি ফিরিয়ে দিতে হবে। এরপরেই অত্যন্ত দ্রুততার সঙ্গে কৃষকদের জমি ফিরিয়ে দেয়ার জন্য পদক্ষেপ নেয় পশ্চিমবঙ্গ সরকার। আজই কৃষকদের হাতে জমির পর্চা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৪