'কাশ্মিরে সন্ত্রাসী হামলার শিকার উরি ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থায় ছিল বহু ত্রুটি'
-
ভারতীয় সেনাদের ফাইল ফটো
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সেনাঘাঁটিতে দুঃসাহসিক সন্ত্রাসী হামলার নিয়ে প্রাথমিক তদন্তে নিরাপত্তা বিষয়ক একাধিক শিথিলতা এবং ঘাটতি ধরা পড়েছে। উরির এ সেনাঘাঁটিতে গত রোববার সন্ত্রাসী হামলায় ১৮ সেনাসহ চার হামলাকারী নিহত হয়েছে।
প্রাথমিক তদন্তে বলা হয়েছে, নিরাপত্তা বিষয়ক শিথিলতা ছাড়াও উরির সেনাঘাঁটির দুই নিরাপত্তা চৌকির মধ্যে সমন্বয়হীনতা ছিল।
স্পর্শকাতর ভারতীয় এই ব্রিগেড সদর দফতরের কয়েক স্থানে যথাযথভাবে কাঁটাতারের বেড়া দেয়া ছিল না বলে তদন্তকারীরা দেখতে পেয়েছেন।
গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনার আশপাশে বড় বড় ঘাস বা ঝোপ-ঝাড় হতে দেয়া হয় না। কিন্তু উরির ব্রিগেড সদর দফতরের আশেপাশে বড় বড় ঘাস এবং ঝোপ-ঝাড় ছিল। এতে হামলাকারীরা গা ঢাকা দিয়ে ঢুকতে পেরেছে।
এছাড়া, দেড়শ ফুট ব্যবধানে স্থাপিত দুটি টহল চৌকির মধ্যে সমন্বয়হীনতার বিষয়ও তদন্তকারীদের নজরে এসেছে। সন্ত্রাসীদের ঘাঁটিতে ঢোকার বিষয়টি এ দুই নিরাপত্তা চৌকি টেরই পায় নি। সমন্বয়হীনতার কারণেই এমনটি ঘটেছে বলে মনে করছেন তদন্তকারীরা।
কাশ্মিরের মতো গোলযোগপূর্ণ অঞ্চলে সেনাঘাঁটির নিরাপত্তা সংক্রান্ত এ সব ত্রুটিকে সহজভাবে নিতে পারেন নি বিশ্লেষকরা। বিশেষ করে পাঠানকোটে সন্ত্রাসী হামলার পরও কেন এসব বিষয় খতিয়ে দেখা হয় নি সে প্রশ্ন তুলেছেন অনেকেই।
এদিকে, হামলার ২৪ ঘণ্টা আগে থেকে উরি শহরের টেলিফোন এবং ইন্টারনেট ব্যবহারের বিশদ তথ্য যোগাড় করতে পেরেছে পুলিশ।
পার্সটুডে/মূসা রেজা/২২