ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি মুখপাত্র
-
ব্রিগেডিয়ার মোহেব্বি
পার্সটুডে- ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নিলে কোনো অবস্থাতেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না।
পার্সটুডে জানিয়েছে, আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি হরমুজ প্রণালির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেন, হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং পারস্য উপসাগরে শত্রুপক্ষের কোনো সামরিক জাহাজ নেই।
আইআরজিসির মুখপাত্র বলেন, শত্রুপক্ষের সব যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি থেকে অন্তত ৪০০ কিলোমিটার দূরে সরে গেছে। সামরিক ও আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে ইরানের অনুমতি ও নিয়ন্ত্রণ ছাড়া কোনো জাহাজ এই জলপথ অতিক্রম করতে পারবে না।
মোহেব্বি বলেন, ওমানের নিকটবর্তী জলপথটিও সম্পূর্ণভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, হরমুজ প্রণালি ইরান ও বিপরীতে অবস্থিত ওমানের অন্তর্গত। প্রায় এক মাস আগে ওমানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য কিছু সমঝোতায় পৌঁছানো গেছে।
আইআরজিসির মুখপাত্র আরও বলেন, এসব আলোচনায় প্রণালির জলসীমায় দুই দেশের অংশ এবং সেখান থেকে প্রাপ্ত আয়ে ইরান ও ওমানের অংশীদারিত্বের বিষয়েও সমঝোতা হয়েছে।
মোহেব্বি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র এ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে, যার কারণে কাজের অগ্রগতি বিলম্বিত হয়েছে।
আইআরজিসির মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত না মানলে কোনো অবস্থাতেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না।#
পার্সটুডে/এসএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন