ভারত-পাকিস্তান সীমান্তে গুলির জেরে জম্মুর সব স্কুল বন্ধ ঘোষণা
-
কাশ্মিরে কারফিউ চলাকালে এক স্কুল ছাত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে (ফাইল ফটো)
ভারত-পাকিস্তান সীমান্তে একনাগাড়ে গোলাগুলির পরিপ্রেক্ষিতে জম্মু জেলার সীমান্ত সংলগ্ন সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ৮০টির বেশি প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
আজ (শনিবার) গণমাধ্যমে প্রকাশ, শুক্রবার গভীর রাতে পাকিস্তানের দিক থেকে আরএস পুরা সেক্টরে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি করা হয়। দিনের বেলাতেও হীরানগর, সাম্বা এবং আখনুরে গুলি চালানো হয়। ভারতীয় সেনাদের পক্ষ থেকে এর পাল্টা জবাব দেয়া হলে পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দাবি, এক সন্ত্রাসী এবং ৭ পাকিস্তানি রেঞ্জার্স নিহত হয়েছে। পাক সেনাবাহিনীর এক মুখপাত্র অবশ্য ৭ রেঞ্জার্স নিহত হওয়ার দইব নাকচ করে দিয়ে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন।
অন্যদিকে, পাক রেঞ্জার্সদের গুলিতে গুরনাম সিং নামে বিএসএফের এক জওয়ান আহত হলে তাকে জম্মুর এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্ত লাগোয়া যেসব গ্রাম পাক রেঞ্জার্সের ফায়ারিংয়ের আওতায় আসতে পারে সেসব গ্রামকে সতর্কতামূলকভাবে খালি করা হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। বিএসএফকে ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
আজ (শনিবার) সকালে বারামুল্লা থেকে অস্ত্রসহ ২ গেরিলা নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল এবং একটি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার হয়েছে।
অন্যদিকে, আজ সংবাদসংস্থা এএনআই সূত্রে প্রকাশ, সাম্বা সেক্টর থেকে বোধরাজ নামে এক পাক গুপ্তচর গ্রেফতার হয়েছে। নিরাপত্তা বাহিনী তার কাছ থেকে দু টি মোবাইল ফোন, পাক সিমকার্ড এবং মানচিত্র বাজেয়াপ্ত করেছে।
সাম্বার সিনিয়র পুলিশ সুপার যোগিন্দর সিং বলেন, ‘সেনাবাহিনীর গোয়েন্দা এজেন্সি জম্মু জেলার চঙ্গিয়া গ্রামের বাসিন্দা বোধ রাজ নামে এক ব্যক্তির গুপ্তচরবৃত্তির কাজে সম্পৃক্ত থাকার কথা জানতে পারে। ওই তথ্যের ভিত্তিতে সাম্বার রামগড় সেক্টরে এক বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় বোধ রাজ নামে ওই ব্যক্তিকে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জেরদা গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশি তৎপরতা টের পাওয়ার পরেই ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে ধাওয়া করে গ্রেফতার করতে সমর্থ হয়।’#
পার্সটুডে/এমএএইচ/এআর/২২